ব্রেট লি’র দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৫৯ রানের জয়
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতগতির বোলার ব্রেট লি’র চমৎকার বোলিংয়ের সুবাদে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শুক্রবার মেলবোর্নে ভিবি সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫৯ রানে হারিয়েছে।
ব্রেট লি ১০ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট লাভ করেন।
নিজের প্রথম স্পেলে ব্রেট লি গ্রায়েম স্মিথ ও অ্যান্ড্রু হলকে ফিরিয়ে দেন। সফরকারী দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ১৬/২।
দ্বিতীয় স্পেলে বল করতে এসে লি বোয়েটা ডিপেনার, অ্যাশয়েল প্রিন্স ও জাস্টিন কেম্পকে আউট করেন।
শন পোলকের মারমুখো ৩১ বলের ৪৬ রান সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা ১৮৬ রানে অলআউট হয়ে যায়। এছাড়া ডিপেনার ৪১ ও হার্শেল গিবস ৩৯ রান করেন।
সুপার-সাব হিসেবে খেলতে নামা স্পিনার ব্রাড হজ ৩২ রানে তিনটি উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার অভিষিক্ত উদ্বোধনী ব্যাটসম্যন ফিল জ্যাকুয়েসের ৯৪ রানের সুবাদে অলআউট হওয়ার আগে স্বাগতিক দল ২৪৫ রান করে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে এটি। এর আগের রেকর্ডটি ছিল কেপলার ওয়েলসের। তিনি ১৯৮২ সালে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৯ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে মাইকেল ক্লার্ক ৩৪ ও জেমস হোপ ৩৮ রান করেন।
দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেস বোলার অ্যান্ড্রু হল ৩৫ রানে চার উইকেট লাভ করেন। এছাড়া পোলক ও ভ্যান ডার ওয়াথ প্রত্যেকে দু’টি করে উইকেট লাভ করেন।
ম্যাচজয়ী বোলিংয়ের জন্যে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন লি।
