ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সভা ২৮ জানুয়ারি
বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কমিটির সভা আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
কিন্তু এ নিয়ে দ্বিতীয় বারের মত গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে সভা আহ্বান করল ক্রিকেট বোর্ড।
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিনমাস অন্তর নির্বাহী কমিটির সভা আয়োজন এবং বার্ষিক সাধারণ সভার একমাসের মধ্যে সব ধরনের সাব কমিটি গঠন করার কথা রয়েছে।
কিন্তু নব নির্বাচিত কমিটি গত বছর ২০ অক্টোবরের পর আর কোন সভা আহ্বান করতে পারেনি। তাছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে কোন সাব কমিটিও গঠন করা সম্ভব হয়নি।
বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম জানিয়েছেন, কমিটির সদস্যরা যদি সহজভাবে মেনে নেন তাহলে গঠনতন্ত্র লংঘনের বিষয়টি নিয়ে কোন সমস্যা হওয়ার কথা নয়।
নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত না হলে কি করনীয় সে সম্পর্কে গঠনতন্ত্রে অবশ্য কোন ব্যাখ্যা দেওয়া নেই।
