আইসিসি'র কাছে ক্ষতিপূরণ দাবি করবে পাকিস্তান
জিম্বাবুয়েকে টেস্ট অঙ্গন থেকে সরিয়ে নিয়ে সেদেশের ক্রিকেটের কর্তা ব্যক্তিরা হয়তো এ যাত্রা রক্ষার উপায় খুঁজছেন, কিন্তু সমস্যা দানা বেঁধে উঠছে অন্য জায়গায়। আর সেটা পাকিস্তানের তরফ থেকে।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে দু’টি টেস্ট এবং একটি ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুয়ের। কিন্তু টেস্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন সিরিজ অনিশ্চিত হয়ে পড়েছে। আর সিরিজ যদি না হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয় নিয়ে আইসিসির সাথে আলোচনা করতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বোর্ডের পরিচালক সেলিম আলতাফ বৃহস্পতিবার জানিয়েছেন, দুবাইতে শনিবার আইসিসি’র সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবেন তিনি।
তিনি বলেন, টেলিভিশনে সম্প্রচারকারীদের সাথে আমাদের চুক্তিগত কিছু দায়বদ্ধতা রয়েছে। তাদের সাথে আমরা চার বছরের চুক্তিতে আবদ্ধ।। এখন আমরা যদি আর্থিক ক্ষতির সম্মুখীন হই তাহলে ক্ষতিপূরণটা কে দেবে সেটাই আমরা আইসিসির কাছে জানতে চাইব। তাছাড়া জিম্বাবুয়ের ওয়ানডে খেলার বিষয়টিও জানতে চাইবে পিসিবি।
জিম্বাবুয়ের অর্ন্তবর্তীকালীন ক্রিকেট বোর্ড বুধবার ২০০৭ সাল পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেট দলকে টেস্ট খেলা থেকে প্রত্যাহার করে নেয়।
এদিকে জিম্বাবুয়ের পরিবর্তে অন্যদলকে নিয়ে সেপ্টেম্বরে কোনও সিরিজ আয়োজন করতে পারবে কি না সে বিষয়ে আইসিসি’র মতামত জানার চেষ্টা করবে পাকিস্তান। যদি আইসিসি’র অনুমতি মেলে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ও অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে একটি তিনজাতি সিরিজ আয়োজন করতে ইচ্ছুক পাকিস্তান।
