২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি পেসার সাব্বির আহমেদের ভাগ্য নির্ধারিত হবে শনিবার

পাকিস্তানের পেস বোলার সাব্বির আহমেদের ভাগ্য শনিবারই (২১ জানুয়ারি) নির্ধারিত হয়ে যাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

দুবাইতে শনিবার বৈঠকে বসছে আর্ন্তজাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি), আর এই বৈঠকেই সাব্বিরের ভাগ্য নির্ধারন করবেন বিশ্ব ক্রিকেটের কর্তাব্যক্তিরা।

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে একবছর নিষেধাজ্ঞার কবলে পড়া সাব্বির তার বোলিং অ্যাকশন শোধরাতে তার এক সময়ে গুরু এবং পাকিস্তানের সাবেক বোলার সরফরাজ নেওয়াজের দ্বারস্থ হয়েছেন। রিভার্স সুইংয়ের গুরু খ্যাত সরফরাজ মঙ্গলবার সাব্বিরের ক্রমাগত উন্নতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই তার আর্ন্তজাতিক অঙ্গনে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

সাবেক পাক বোলার সরফরাজ বলেন, সাব্বিরের সন্দেহজনক অ্যাকশন শুধরে দিয়েছি। সাব্বির নিজেই তার উন্নতিতে বেশ খুশি এবং আসন্ন দুবাই বৈঠকে আইসিসির ‘ক্লিয়ার’ সার্টিফিকেট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। মনে হচ্ছে, তার বোলিং অ্যাকশনে আর কোন সমস্যা নেই।

পেসার সাব্বির আহমেদ তার সন্দেহজনক বোলিং আ্যাকশনের জন্য ২০০৫ সালে দু’বার নিষিদ্ধ হন। ২০০৪ সালে মুলতানে ভারতের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট খেলেছেন তিনি। কিন্তু তার ক্যারিয়ারের দিকে তাকালে একটা ব্যাপার পরিস্কার হয়ে যাবে কেন তাকে শোয়ব আখতারের সমমানের বোলার হিসেবে দেখা হয়। ওয়াকার ইউনুসরে অবসরের পর সাব্বির আহমেদই একমাত্র বোলার যার দশ টেস্টে শিকার সংখ্যা পঞ্চাশ।