চারটি একদিনের ম্যাচ খেলতে শনিবার ঢাকা আসছে আরব আমিরাত ক্রিকেট দল
বাংলাদেশ ‘এ’ এবং বাংলাদেশ একাডেমি দলের বিরুদ্ধে চারটি একদিনের ম্যাচ খেলতে শনিবার (২১ জানুয়ারি) ঢাকা আসছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট দল।
ইউএই দল তাদের আট দিনের সফরের শুরুতেই ২৩ জানুয়ারি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ একাডেমি দলের মোকাবেলা করবে। একই ভেন্যুতে দু’দল পরদিন দ্বিতীয় ম্যাচ খেলবে।
এরপর সফরকারীরা বাংলাদেশ এ দলের বিরুদ্ধে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সফরের বাকি দু’টি ম্যাচ খেলবে। ২৬ ও ২৭ জানুয়ারি ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে। ২৮ জানুয়ারি ঢাকা ত্যাগ করবে ইউএই দল।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্রিকেট বোর্ড কেনিয়া এবং জিম্বাবুয়েকে নিয়ে একটি ওয়ানডে সিরিজ অথবা একটি তিনজাতি টুর্নামেন্টের আয়োজন করবে। এতে জানানো হয়, ক্রিকেট বোর্ড আগামী ১০ থেকে ২৪ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী।
