২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার তিন ভেন্যুতে শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের খেলা

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সের খেলা শুক্রবার থেকে ঢাকার তিনটি ভেন্যুতে শুরু হচ্ছে। সুপার সিক্সে ক্রিকেটাররা রঙিন পোশাক এবং সাদা বল ব্যবহার করবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সুপার সিক্সের তিনটি ভেন্যু হচ্ছে- ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি এবং ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম। এই পর্বে পাঁচ রাউন্ড খেলা হবে এবং প্রতি রাইন্ডে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।  

লিগ পর্যায়ের লড়াই শেষে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ২০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারপরই অবস্থান করছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সোনারগাঁও ক্রিকেটার্স যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থেকে লিগ পর্যায়ের খেলা শেষ করেছে। তিনটি দল সমান ১৪ পয়েন্ট করে সংগ্রহ করলেও বিমানের জয়ের পাল্লা ভারী থাকায় তৃতীয় স্থানটা তাদের দখলেই গেছে।

জাতীয় দলের ক্রিকেটাররা তাদের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার আগ পর্যন্ত সুপার সিক্সের সব ম্যাচে অংশগ্রহন করার সুযোগ পাবেন। ২ ফেব্র“য়ারি সুপার সিক্সের খেলা শেষ হবে এবং জাতীয় দলের অনুশীলন শুরু হবে ৪ ফেব্র“য়ারি। 

সুপার সিক্সের উদ্বোধনী দিনে ধানমন্ডি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস লড়বে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। এছাড়া বিকেএসপি - ২ মাঠে ভিক্টোরিয়া খেলবে সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে এবং ফতুল্লা স্টেডিয়ামে বিমান খেলবে মোহামেডানের বিরুদ্ধে।

এদিকে ইন্দিরা রোড ক্রীড়া চক্র (৬ পয়েন্ট), অগ্রনী ব্যাংক (৬ পয়েন্ট) এবং ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে নিয়ে রেলিগেশন লিগ শুরু হবে ২১ জানুয়ারি থেকে। প্রথম দিন ইন্দিরা রোড খেলবে ওরিয়েন্ট ক্লাবের বিরুদ্ধে। এখান থেকে নীচের দিকের দু’টি দল আগামী বছর প্রথম বিভাগ লিগে নেমে যাবে।