২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সে বিমান

শেষ দল হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার লিগ পর্যায়ের শেষ ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে সাত উইকেটে হারিয়ে শেষ ছয়ে নাম লেখায় বিমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 06:43 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিমানের জয়ে গতবারের রানার্সআপ সিটি ক্লাবের সুপার সিক্সে খেলার আশা শেষ হয়ে যায়। কারণ ১২ দলের লিগে বিমান তৃতীয় স্থান অধিকার করে সিটি ক্লাবকে পেছনে ফেলে।

বিমান -- কলাবাগান ম্যাচটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কুয়াশার কারণে খেলা বাতিল হয়ে যায়। একই অবস্থা মঙ্গলবারও বিদ্যমান থাকায় খেলা হয় ২৫ ওভারের।

প্রথম ব্যাট করতে নেমে কলাবাগান নির্ধারিত ২৫ ওভারে আট উইকেটে ১০৫ রান করে। দলের পক্ষে মাহবুবুল হক সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া নাহিদুল হক ২৪ এবং উত্তম কুমার ২৩ রান করেন। 

বিমানের মোশাররফ হোসেন রুবেল ২৩ রানে তিনটি এবং এসকে রাসেল আট রানে দুই উইকেট লাভ করেন।

জবাবে বিমান পাঁচ বল বাকি থাকতেই তিন উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নাজমুস সাদাত ৪১ এবং শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ৪৭ রান করেন।

প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সের অন্য পাঁচটি দল হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, সোনারগাঁও ক্রিকেটার্স এবং ব্রাদার্স ইউনিয়ন। ঢাকায় ২০ জানুয়ারি থেকে সুপার সিক্সের খেলা  শুরু হবে।