লাহোর টেস্ট ড্র, রেকর্ড গড়া হলোনা ভারতের
যেমনটা আশা করা হয়েছিল, ঠিক তেমনটাই হলো। অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টটি নি®প্রাণ ড্রয়ের মুখ দেখল।
গাদ্দাফি স্টেডিয়ামের এরকম কাঠখোট্টা পিচে ম্যাচের ফলাফল হবে, এমন আশা কেউ করেনি। অন্তত একটি রেকর্ড দেখার স্মৃতি মনে গেঁথে নিতে চেয়েছিলেন বিশ্বের ক্রিকেটামোদীরা। কিন্তু অতৃপ্ত মন নিয়েই সবাইকে ঘরে ফিরে যেতে হয়েছে।
ম্যাচের শেষদিন দুই ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ এবং রাহুল দ্রাবিড় উদ্বোধনী জুটিতে রেকর্ড পার্টনারশিপ গড়তে পারেননি।
শেষ দিনে খেলা হয়েছে মাত্র ১৪ বল। আগের দিনের ৪০৩ রানের সাথে যোগ হয়েছে মাত্র সাত রান। পাকিস্তানের সাত উইকেটে ৬৭৯ রানের জবাবে শেওয়াগের উইকেট খুইয়ে ভারত দিনশেষে ৪১০ রান করে ।
গত কয়েকদিনের মত শেষ দিনেও ছিল বৃষ্টি আর খারাপ আলোর বাগড়া। এর মধ্যে আবার শেওয়াগ আউট হয়ে গেলে রেকর্ডও হাতছাড়া হয়ে যায় ভারতের। চা বিরতির পর আম্পায়রা খেলার সমাপ্তি টানেন।
পঞ্চাশ বছর আগে ১৯৫৫--৫৬ সালে চেন্নাইতে ভিনু মানকড় এবং পঙ্কজ রায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী জুটিতে ৪১৩ রান করে যে রেকর্ড গড়েছিলেন, সেটা অক্ষতই থেকে গেল।
তবে ম্যাচে ভারতের প্রাপ্তি একটাই, আর সেটা হলো আড়াই শতাধিক রান করে শেওয়াগের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ।
বিধ্বংসী এই ওপেনার ২৪৭ বলে ৪৭টি বাউন্ডারি একটি ছক্কার সাহায্যে ২৫৪ রান করে রানা নাভেদের বলে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে ক্যাচ দেন। রাহুল দ্রাবিড় ১২৮ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ কোন রান সংগ্রহ করতে পারেননি।
পুরো ম্যাচে দু’দলের সবমিলিয়ে মাত্র আটটি উইকেটের পতন হয়েছে। আর রান হয়েছে হাজারেরও বেশি।
ফয়সালাবাদে ২১ জানুয়ারি থেকে দু’দেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে।
