বগুড়া স্টেডিয়াম দেখে মহানামার সন্তোষ প্রকাশ
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবং চার তারকা হোটেল নাজ গার্ডেন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ম্যাচ রেফারি রোশন মহানামা।
দেশের নতুন টেস্ট এবং ওয়ানডে ভেন্যু পরিদর্শন করতে শ্রীলংকার সাবেক টেস্ট ক্রিকেটার রোশন মহানামা রোববার ঢাকায় আসেন এবং সোমবার তিনি শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করেন। পরে তিনি শহরে অবস্থিত চার তারকা হোটেলের সুযোগ সুবিধা পরিদর্শন করে দেখেন।
বগুড়া স্টেডিয়ামের বিদ্যমান সুযোগ সুবিধা পরিদর্শন শেষে মহানামা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর সিদ্দিক লেমন।
বগুড়া সফরকালে মহানামাকে সঙ্গ দেন ক্রিকেট বোর্ডের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউসা মিশু।
মহানামা মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, বুধবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম এবং বৃহস্পতিবার ফতুল্লা ও মিরপুর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করবেন। শুক্রবার ঢাকা ত্যাগ করবেন তিনি।
এর আগে আইসিসির ম্যাচ রেফারী ক্লাইভ লয়েড বগুড়া স্টেডিয়াম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেও ক্রিকেটারদের আবাসান ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিকমানের হোটেল স্থাপনের পরামর্শ দিয়েছিলেন।
সবকিছু ঠিকঠাক থাকলে বগুড়া স্টেডিয়ামের ওয়ানডে এবং টেস্ট ভেন্যুর মর্যাদা পাওয়ার ব্যাপারে আশাবাদী আয়োজক এবং সংগঠকরা।
