২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্সে সোনারগাঁও, ব্রাদার্স

একটেল প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স এবং ব্রাদার্স ইউনিয়ন। লিগের চুড়ান্ত পর্বে সোমবার ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে বড় বাজেটের দল সোনারগাঁও ক্রিকেটার্স সাত উইকেটে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

অন্যদিকে বিকেএসপি - ২ মাঠে ব্রাদার্স ইউনিয়ন পাঁচ উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে।

অন্যদিকে কুমিল্লা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস’র বিরুদ্ধে ৫৩ রানে হেরে গেছে গতবারের রানার্স আপ সিটি ক্লাব। সুপার লিগে খেলতে হলে এখন রানার্স আপদের বিমান এবং কলাবাগানের মধ্যকার ম্যাচটির ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। ঘন কুয়াশার কারণে এদিন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বিমান এবং কলাবাগানের মধ্যেকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। খেলাটি মঙ্গলবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যদি বিমান হেরে যায় তাহলে শেষ ছয়ে জায়গা করে নেবে সিটি ক্লাব, কিন্তু বিমানের জয়ে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

বিকেএসপি - ১ মাঠে এদিন আবাহনী লিমিটেডকে তিন উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করেছে পয়েন্টশুন্য ওরিয়েন্ট ক্লাব। লিগে এটা ওরিয়েন্টের প্রথম জয়। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইন্দিরা রোড ক্রীড়া চক্র একই ব্যবধানে অগ্রনী ব্যাংককে হারিয়ে তৃতীয় জয় পেয়েছে।

চুড়ান্ত পর্বের খেলা শেষে ২০ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে ওল্ড ডিওএইচএস। ১৬ পয়েন্ট নিয়ে তারপরই ভিক্টোরিয়ার অবস্থান। ১৪ পয়েন্ট করে নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সোনারগাঁও ক্রিকেটার্স। ১২ পয়েন্ট করে সংগ্রহ করেছে ব্রাদার্স ইউনিয়ন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিটি ক্লাব।

শীর্ষ ছয়টি দল সুপার সিক্সে খেলবে, অন্যদিকে নীচের দিকের তিন খেলবে রেলিগেশন লিগে। এখান থেকে দু’টি দল প্রথম বিভাগে নেমে যাবে।

সোনারগাঁও বনাম ভিক্টোরিয়া

প্রথম ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া পেসার মাহবুবুল আলম রবিনের মারাত্মক বোলিংয়ের মুখে ২৬ দশমিক দুই ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায়। রবিন একাই ২৬ রানে পাঁচ উইকেট তুলে নিয়ে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইন ধসিয়ে দেন। এছাড়া তাপস বৈশ্য ২৭ রানে তিন উইকেট দখল করেন। ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সগীর হোসেন। কামরুল ইসলাম ২১ রান করেন।

জবাবে সোনারগাঁও ক্রিকেটার্স তিন উইকেট হারিয়ে ১০০ রান করে সহজেই জয়ের লক্ষ্য পৌঁছে যায়। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৫৮ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।

ব্রাদার্স বনাম মোহামেডান

প্রথম ব্যাট করতে নেমে ভারতীয় সন্দ্বীপ শর্মার ৫৯ রানে ভর করে মোহামেডান নির্ধারিত ৪১ ওভারে নয় উইকেটে ১৪২ রান করে। দলের তিন ব্যাটিং স্তম্ভ হান্নান সরকার (৬), হাবিবুল বাশার (১১) খালেদ মাসুদ (১) অল্প সংগ্রহে ফিরে গেলে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় শিরোপা প্রত্যাশীরা।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন পাঁচ উইকেটে ১৪৪ রান তুলে জয় ছিনিয়ে নেয়। দলের পাকিস্তানি রিক্রুট রশিদ হানিফ ৪৮ এবং মার্শাল আইয়ুব ৪১ রান করেন।

ডিওএইচএস বনাম সিটি ক্লাব

প্রথম ব্যাট করে ডিওএইচএস ৫০ ওভারে নয় উইকেটে ২৮৪ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। ফর্মে থাকা দলের কেনিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভ টিকোলো ১১২ বলে ডজনখানেক বাউন্ডারির মাধ্যমে সর্বোচ্চ ৯৮ রান করেন। এছাড়া মাঞ্জারুল ইসলাম রানা ৯৫ বলে করেন ৬৯ রান। রানার ইনিংসে চারটি বাউন্ডারি ছাড়াও তিনটি বিশাল ছক্কার মারও ছিল।

জবাবে সিটি ক্লাব ২৩১ রানে অল আউট হয়ে যায়। ডিওএইচএস’র খালেদ মাহমুদ এদিন লিগের তৃতীয় হ্যাটট্রিকের মালিক হয়েছেন। এর আগে নাহিদুল হক শাওন এবং জাফর কোরেশী এই গৌরব লাভ করেন।

সিটি ক্লাবের পক্ষে মেহরাব হোসেন জুনিয়র সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া তুষার ইমরান ৪১, ফরিদ আহমেদ ৩৬, শাহরিয়ার নাফিস ২৬ এবং কামরুল ইসলাম ২৪ রান করেন।

আবাহনী বনাম ওরিয়েন্ট

একটু আগেভাগেই সুপার লিগ থেকে ছিটকে পড়া আবাহনী এদিন প্রথম ব্যাট করে মাত্র ১৩৪ রানে সবকটি উইকেট হারায়। অধিনায়ক নিয়ামুর রশিদ রাহুল ৪৪ এবং জাহাঙ্গীর আলম ২০ রান করেন।

জবাবে ওরিয়েন্ট ক্লাব সাত উইকেটে ১৩৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। উদ্বোধনী ব্যাটসম্যান মাসুম - উদ - দৌলা ৬৭ রানে অপরাজিত থাকেন।

ইন্দিরা রোড বনাম অগ্রনী

প্রথম ব্যাট করে অগ্রনী ব্যাংক দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেনের ৫০ এবং রকিবুল হাসানের ৭২ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানের সম্মানজনক স্কোর গড়ে।

জবাবে ইন্দিরা রোড সাত উইকেটে ২৩১ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে নাজমুল হোসেন ৬৬ রান করেন, এছাড়া রেজাউল হক ৪৩ রানে অপরাজিত থাকেন।