এএফসি’র এলিট প্যানেলে রেফারি রামকৃষ্ণ এবং তৈয়ব হাসান
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)’র রেফারিদের এলিট প্যানেলের বাংলাদেশের দুই ফুটবল রেফারি- রামকৃষ্ণ ঘোষ এবং তৈয়ব হাসানকে নির্বাচিত করা হয়েছে বলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্র জানিয়েছে।
তাছাড়া এলিট প্যানেলে সহকারি রেফারির জন্যে মনোনীত করা হয়েছে মাহবুবুর রহমান এবং শহিদুল ইসলামকে।
রেফারি মনোনয়ন করা সংক্রান্ত এএফসি’র একটি চিঠি ১২ ডিসেম্বর প্রেরণ করা হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিঠিটি ৮ জানুয়ারি হাতে পেয়েছে। এএফসি’র সদস্য ৩২টি দেশ থেকে মোট ৫৮ জন রেফারি এবং ১০০ জন সহকারি রেফারি মনোনীত করা হয়েছে।
রেফারি রামকৃষ্ণ ঘোষ এর আগে ২০০৫ সালেও এলিট প্যানেলের অর্ন্তভুক্ত হয়েছিলেন।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত থেকে দুইজন রেফারি এবং চারজন সহকারি রেফারি মনোনীত করা হয়েছে। এছাড়া সার্কের সদস্য মালদ্বীপ, মায়ানমার, নেপাল এবং শ্রীলংকা থেকে একজন করে রেফারি এবং দুই জন করে সহকারি রেফারি এই তালিকায় রয়েছেন।
নির্বাচিত রেফারিদের ফিটনেস, মেডিক্যাল এবং ভাষা সংক্রান্ত এক সপ্তাহের প্রস্তুতিমূলক কোর্স ২২ জানুয়ারি থেকে কুয়ালালামপুরে শুরু হবে।
নির্বাচিত রেফারিরা ২০০৬ সালে এএফসি আয়োজিত ফুটবল ম্যাচগুলো পরিচালনা করবেন।
