২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছে ভারত

টেস্ট ক্রিকেটেও যে উইকেট বলতে কিছু একটা আছে, আর বোলাররা যে তা নিজেদের দখলে নেন, সেই বিষয়টা যেন ভুলতে বসেছে লাহোরের দর্শকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

পাক-ভারত সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনটিও কেটে গেছে রান উৎসবের মধ্য দিয়ে। অন্যদিকে ভারতীয়রা উদ্বোধনী জুটির নতুন বিশ্বরেকর্ড দেখতে নড়েচড়ে বসেছে। 

উদ্বোধনী জুটিতে বড় পার্টনারশিপের আগের রেকর্ডটির মালিকও ভারত। ভি মানকড় এবং পঙ্কজ রায় ১৯৫৫ - ৫৬ মৌসুমে ৪১৩ রানের জুটি গড়েছিলেন।

চতুর্থ দিনেও স্বাগতিকদের দেখিয়ে দেওয়া পথে হেঁটেছে দুই ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেওয়াগ এবং অধিনায়ক রাহুল দ্রাবিড়। পার্থক্য শুধু উইকেট পতনের দিক থেকে। পাকিস্তান যেখানে সাত উইকেট খুইয়ে ৬৭৯ রান করেছে, সেখানে কোন রকম ক্ষতি স্বীকার না করেই রানের ঘোড়া ছুটিয়ে চলেছে ভারতীয় উদ্বোধনী জুটি। দিন শেষে দু’জনে মিলে তুলেছেন ৪০৩ রান।

শেওয়াগ ২৪৭ এবং দ্রাবিড় ১২৮ রানে অপরাজিত রয়েছেন। ফলোঅন এড়াতে ভারতের দরকার ৪৮০ রান।

শেওয়াগ ১৮২ বলে তার ডাবল সেঞ্চুরি পূরণ করেন। টেস্ট ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরি। টেস্টে দ্রুততম ডাবল সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের দখলে। অ্যাস্টল ২০০১ -- ০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেওয়াগের চাইতে ২৯ বল কম খেলে জোড়া শতক হাঁকিয়েছিলেন।

পাকিস্তানি পেসম্যান রানা নাভেদের এক ওভারে পর পর চার বলে বাউন্ডারি মেরে ১৯৯ রানে পৌঁছান শেওয়াগ। পরের বলে এক রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। কিন্তু পরের বলেই শোয়েব মালিকের বদান্যতায় লাইফ পান শেওয়াগ। থার্ড ম্যানে দাঁড়িয়ে শেওয়াগের কঠিন ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন মালিক।  

১২৫ রানে থাকতে আরেকবার বেঁচে যান শেওয়াগ। এবার পাক অধিনায়ক ইনজামাম নিজেই ব্যর্থ। শেওয়াগের দুই পায়ের ফাঁক গলে বল বেরিয়ে যায়। প্রথম স্লিপে দাঁড়ানো ইনজামাম নীচু ক্যাচটি লুফে নিতে পারেননি।

এই জুটির ৪০৩ রান পাকিস্তাানের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ পার্টনারশিপ। ২০০৪ সালে মুলতানে টেন্ডুলকার ও শেওওয়াগ তৃতীয় উইকেট জুটিতে ৩৩৬ রান করেছিলেন। শেওয়াগ ২৪৭ রান করার পথে বল খরচ করেন ২৪০টি এবং এতে ৪৬টি বাউন্ডারি এবং একটি ছয়ের মারও ছিল।

অন্যপ্রান্তে অধিনায়ক হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছেন রাহুল দ্রাবিড়, আর টেস্টে তার এটা ২১তম সেঞ্চুরি। আলোর স্বল্পতার জন্যে যখন খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ১২৮ রান। ২২৭ বলে এই রান করেন দ্রাবিড়।