আইসিসি’র চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু ঘোষণা
করাচিতে বেশ কয়েক দফা আলোচনার পর চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নির্ধারণে ঐকমত্যে পৌঁছেছে আইসিসিভুক্ত (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)দেশগুলো।
পাশাপাশি, এ বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সম্প্রচারের ক্ষেত্রে ভারতের টেলিভিশন স্বত্ত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফির খেলাগুলো অনুষ্ঠিত হবে অক্টোবরের সাত থেকে নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কলকাতা, মুম্বাই এবং নয়া দিল্লীতে। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে মুম্বাইতে। এপ্রিলের ১ তারিখে ওডিআই র্যাঙ্কিংয়ের পর ম্যাচের সময়সূচী নির্ধারণ করা হবে।
আইসিসি’র প্রেসিডেন্ট এহসান মানি বলেন,টেলিভিশনে খেলাগুলো সম্প্রচারের বিষয়ে আলোচনা ভারতের জন্য সুফল বয়ে আনবে।
উল্লেখ্য,সিএসআই অক্টাগন, দূরদর্শন,ইএসপিএন স্টার স্পোর্টস, সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, টেন স্পোর্টস, টিডব্ল্ওুয়াই এবং জি টিভির প্রতিনিধিরা সম্প্রচার সম্পর্কিত বৈঠকে অংশ নেন।
পরে মানি এবং আইসিসি চেয়ারম্যান ম্যালকম স্পিড জিম্বাবুয়ে ক্রিকেট টিমের চেয়ারম্যান পিটার চিঙ্গোকার সাথে ব্যক্তিগত এক সভায় মিলিত হন। মানি এবং স্পীড উভয়েই জিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্তর্বতীকালীন চেয়ারম্যান কে স্বচ্ছ এবং খোলাখুলি ভাবে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন।
