পাকিস্তান দলে ফিরলেন ওপেনার ইমরান ফারহাত
লাহোরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার জন্যে পাকিস্তানি নির্বাচকরা উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান ফারহাতকে দলে অন্তর্ভুক্ত করেছেন। সেই সাথে দলে জায়গা করে নিয়েছেন পেসার মোহাম্মদ আসিফ।
ফারহাত এবং আসিফ দু’জনই এক বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে রোবার সেঞ্চুরি হাঁকিয়ে দলে ফেরার দাবিকে জোরালো করে তোলেন ফারহাত। তাছাড়া নিয়মিত ওপেনার ইয়াসির হামিদ টাইফয়েডে আক্রান্ত হওয়ায় নির্বাচকদের সামনে আর কোন বিকল্প ছিল না।
এদিকে কনুইয়ের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ মিস করা আব্দুল রাজ্জাকও রয়েছেন প্রথম টেস্ট স্কোয়াডে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিচের ক্ষতি করায় এক ম্যাচ নিষিদ্ধ হওয়া অলরাউন্ডার শহীদ আফ্রিদিও নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন, তবে ইমরান ফারহাতের দলভুক্তিটাই ছিল বড় চমক।
নির্বাচকদের উদ্বোধনী জুটি নিয়ে পরীক্ষা নীরিক্ষার খাড়ায় পড়ে ১৮ জনের পাকিস্তান স্কোয়াডে ফারহাতের জায়গা করে নেওয়াটাই ছিল অনিশ্চিত। ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে একপ্রান্তে অবশ্য সালমান বাট উতরে গিয়েছিলেন, কিন্তু তার জুটি হিসেবে ওই সিরিজে খেলা শোয়েব মালিক নির্বাচকদের আশা পূরণ করতে ব্যর্থ হন।
সালমানের পার্টনার হিসেবে দলে ফেরার কথা ছিল ইয়াসির হামিদেরই, কিন্তু তার অসুস্থতাই দলে ফারহাতের সম্ভাবনার দ্বার খুলে দেয়। ১৫ টেস্টে গড়ে ত্রিশেরও বেশি রান করা ফারহাতের দল থেকে বাদ পড়ার কারণ হিসেবে তার শ্বশুড় সাবেক টেস্ট ক্রিকেটার মোহাম্মদ ইলিয়াস অবশ্য কোচ বব উলমারকে দায়ী করেছিলেন।
তবে প্রধান নির্বাচক ওয়াসিম বারী বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছি। ফারহাত ভালো পারফরম্যান্স প্রদর্শন করেই দলে জায়গা করে নিয়েছে। তাছাড়া অধিনায়ক ইনজামাম উল হক, কোচ উলমার এবং নির্বাচক কমিটি সততার সাথেই তাদের দায়িত্ব পালন করছে এবং এটা প্রমাণ হয়েছে।
পাকিস্তানি স্কোয়াড- ইনজামাম উল হক (অধিনায়ক), সালমান বাট, ইমরান ফারহাত, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, কামরান আকমল, শোয়েব মালিক, শোয়েব আখতার, মোহাম্মদ সামি, রানা নাভেদ উল হাসান, মোহাম্মদ আসিফ, দানিশ কানেরিয়া, আরশাদ খান।
