২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে ডিওএইচএস’র জয়রথ থামিয়ে দিয়েছে ভিক্টোরিয়া

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পরাজয় ভুলতে বসা বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস’র জয়রথ থামিয়ে দিয়েছে দুই বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া স্পোর্টিং কাব। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে রোববার ভিক্টোরিয়া ১৬ রানে ধরাশায়ী করেছে চ্যাম্পিয়নদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 09:33 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে ভিক্টোরিয়ার সুপার সিক্সে খেলা নিশ্চিত হয়ে গেল। অন্যদিকে সরাসরি নয়টি ম্যাচ জিতে আগেই সুপার সিক্স নিশ্চিত করে রেখেছে ডিওএইচএস (১৮ পয়েন্ট)।

বিকেএসপি - ২ মাঠে ভারতীয় সন্দ্বীপ শর্মার অলরাউন্ড পারফরম্যান্সে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং কাব ১২ রানের চমকপ্রদ জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্রের বিরুদ্ধে। ১৪ পয়েন্ট নিয়ে মোহামেডান শেষ পর্বে ব্রাদার্সের মুখোমুখি হবে।

দিনের সবচেয়ে বড় অঘটন ঘটেছে বিকেএসপি - ১ মাঠে। পয়েন্ট তালিকার নীচের দিকের দল ইন্দিরা রোড ক্রীড়া চক্র এদিন পাঁচ উইকেটে হারিয়েছে শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নকে। 

ব্রাদার্স হারলেও নিজ নিজ ম্যাচ জিতে সুপার সিক্সের দোরগোড়ায় পৌঁছে গেছে সোনারগাঁও ক্রিকেটার্স এবং গতবারের রানার্স আপ সিটি ক্লাব। অন্যদিকে ফতুল্লা স্টেডিয়ামে সিটি ক্লাবের বিরুদ্ধে ছয় উইকেটে হার মানলেও সুপার লিগে উঠার দৌড়ে এখনও টিকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সোনারগাঁও ক্রিকেটার্স মাত্র পাঁচ রানে হারিয়েছে আবাহনী লিমিটেডকে।

লিগের একাদশ এবং শেষ রাউন্ডে সিটি ক্লাব খেলবে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস’র বিরুদ্ধে। এছাড়া সোনারগাঁও ক্রিকেটার্স লড়বে ভিক্টোরিয়ার বিরুদ্ধে, ব্রাদার্স মুখোমুখি হবে মোহামেডানের এবং বিমান লড়বে কলাবাগানের বিরুদ্ধে।

ভিক্টোরিয়া বনাম ডিওএইচএস

বোলার শাহনেওয়াজ কবিরের ক্ষুরধার বোলিংই মূলত ভিক্টোরিয়াকে চ্যাম্পিয়ন ডিওএইচএস’র বিরুদ্ধে জয়ের পথ দেখায়। শাহনেওয়াজ ছয় উইকেট দখল করেন।

প্রথম ব্যাট করে ভিক্টোরিয়া নয় উইকেটে ২৫০ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলে। দলের পাকিস্তানি খেলোয়াড় জাফর কোরেশী সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া ওপেনার গোলাম মাহমুদ ৫০, নাসিরউদ্দিন ৩৪ ও মুশফিকুর রহিম ৩২ রান করেন।

জবাবে ডিওএইচএস শাহনেওয়াজের মারাত্মক বোলিংয়ে ২৩১ রানে গুটিয়ে যায়। ৫৯ রান খরচায় ছয় উইকেট তুলে নেন তিনি। ডিওএইচএস’র পক্ষে মাঞ্জারুল ইসলাম রানা সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া উইকেটরক্ষক শাহীন ৫৯ ও অধিনায়ক আকরাম খান ৩৪ রান করেন।

বিমান বনাম সিটি ক্লাব

প্রথম ব্যাট করতে নেমে বিমান ৪২ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করে সংগ্রহ করেন সাজ্জাদ কাদির ও মোশাররফ হোসেন। এছাড়া জাতীয় দলের ওপেনার জাভেদ ওমর করেন ১৯ রান। সিটি ক্লাবের বোলার রবিউল চার ও আল আমিন তিন উইকেট নেন।

জবাবে মেহরাব হোসেনের ৪৫ রানের সুবাদে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সিটি ক্লাব।

আবাহনী বনাম সোনারগাঁও

শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সোনারগাঁও ক্রিকেটার্স আবাহনীর সামনে মাত্র ১১৮ রানের টার্গেট ছুঁড়ে দিতে সক্ষম হয়। ২৫ ওভারের কার্টেল ম্যাচে সাত উইকেট খুইয়ে ১১৭ রান করে বড় বাজেটের দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন এম সেলিম।

কিন্তু সোনারগাঁওয়ের এই অল্প রানের টার্গেটও ছুঁতে পারেনি আবাহনী। নির্ধারিত ২৫ ওভারে আট উইকেটে ১১২ রান তুলতে সক্ষম হয় ঐতিহ্যবাহী দলটি। দশ ম্যাচে ছয় পরাজয় নিয়ে সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে পড়েছে আবাহনী।

মোহামেডান বনাম কলাবাগান

প্রথম ব্যাট করে মোহামেডান ২৬ ওভারে চার উইকেটে ১৭৯ রান করে। দলের ভারতীয় রিক্রুট সন্দ্বীপ শর্মা ৭৬ বলে ৯৮ রান করেন। আগের দ্’ুম্যাচে শুন্যরানে আউট হওয়া দলের অধিনায়ক হাবিবুল বাশার অবশেষে রানের দেখা পেয়েছেন। বাশার ৪৫ বলে করেন ৪৪ রান।

জবাবে কলাবাগান ১৬৭ রানে অলআউট হয়ে যায়। সন্দ্বীপ শর্মা নেন চার উইকেট।

ব্রাদার্স বনাম ইন্দিরা রোড

ব্রাদার্স ইউনিয়ন ২৬ ওভারে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও শেষ পর্যন্ত পাঁচ উইকেটের বেশ বড় ব্যবধানে হার মানে ইন্দিরা রোডের বিরুদ্ধে। ইন্দিরা রোড পাঁচ বল বাকি থাকতেই পাঁচ উইকেট খুইয়ে ১৯৫ রান করে জয় তুলে নেয়।

ব্রাদার্সের পক্ষে রশিদ হানিফ সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়া এহসানুল করেন ৬৭ রান।

অন্যদিকে ইন্দিরা রোডের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ইমরোজ সিদ্দিক। গোলাম মওলা ৪৭ রান করে অপরাজিত থাকেন।

অগ্রনী ব্যাংক বনাম ওরিয়েন্ট

কুমিল্লা স্টেডিয়ামে অগ্রনী ব্যাংক (২২ ওভারে ১০৫/৩) সাত উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে (২৫ ওভারে ১০৪/১০)