চির প্রতিদ্বন্দ্বি আবাহনীকে হারিয়ে জাতীয় ফুটবল লিগে চ্যাম্পিয়ন মোহামেডান
ম্যাচের দ্বিতীয়ার্ধে ডিভাইন এবং আলফাজের গোলে চির প্রতিদ্বন্দ্বি আবাহনী লিমটিডেকে ২ - ০ গোলে হারিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের শিরোপা ঘরে তুলেছে।
খেলার ৪৭ মিনিটে ডান প্রান্ত থেকে আলফাজের কাছ থেকে বল পেয়ে চমৎকার হেডের মাধ্যমে প্রথম গোল করেন ডিভাইন। ৯০ মিনিটে অধিনায়ক আলফাজ দ্বিতীয় গোল করে দল এবং গোটা স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়ে দেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মদ প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান এমপি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, নিটল গ্র“পের চেয়ারম্যান মাতলুব আহমাদ গ্যালারিতে বসে ফাইনাল খেলা উপভোগ করেন।
জাতীয় লিগের শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে মোহামেডান তাদের দুই বছরের শিরোপা খরা কাটাতে সক্ষম হলো। অন্যদিকে আবাহনীর ২০০১ থেকে পাঁচ বছর কোন ধরনের শিরোপা অধরাই রয়ে গেল। জাতীয় লিগের চ্যাম্পিয়নশিপ অর্জনের সাথে সাথে মোহামেডান আগামী মার্চ থেকে অনুষ্ঠিতব্য এএফসি কাপেও খেলার যোগ্যতা অর্জন করল। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ইতোমধ্যে ওই টুর্নামেন্টে নিজেদের নাম লিখিয়েছে।
এ জয়ের মধ্য দিয়ে মোহামেডান শুধু আবাহনীর টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের রাশ টেনে ধরেই ক্ষান্ত হয়নি, পাশাপাশি লিগের গ্র“প পর্বে আবাহনীর বিরুদ্ধে ০ - ১ গোলে হারের মধুর প্রতিশোধও নিয়ে নিল।
দীর্ঘ তিন বছর পর দেশের ঐতিহ্যবাহী দুই চির প্রতিদ্বন্দ্বি দল কোন টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল। খেলা শেষে দর্শকরাও অনেকদিন পর দুই দলের আক্রমনাÍক খেলা দেখার আমেজ নিয়ে ঘরে ফিরে গেছেন। তাছাড়া দু’দলের তরফ থেকেই চেষ্টা ছিল গোছালো এবং পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার।
ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি ভালো আক্রমন করেও শুধুমাত্র ভাগ্যদেবী সহায় না থাকায় গোলের দেখা পায়নি আবাহনী। অন্যদিকে মাঠে মোহামেডানের উপস্থিতিও ছিল উজ্জ্বল। প্রথম গোল পাওয়ার পর মোহামেডান রক্ষনাÍক অবস্থানে চলে যায়, এ সুযোগে আবাহনীও এক তরফা খেলে গেছে।
আবাহনী প্রথমার্ধের ১৭ মিনিটে প্রথম আক্রমন চালায়। ফরহাদের ক্রস ইগির মোহাম্মদ মাথা ছোঁয়ালেও বল গিয়ে জমা পড়ে সরাসরি মোহামেডান গোলরক্ষক বিপ্লবের বিশ্বস্ত হাতে।
মিনিট খানেক পর মোহামেডানের একটি পাল্টা আক্রমন ব্যর্থ করে দেন আবাহনীর গোলরক্ষক নিজাম মজুমদার। আলফাজের ক্রস নিজাম কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। তবে ২৬ মিনিটে দিনের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন মোহামেডানের বিদেশী রিক্রুট ফ্রান্সিস। আবাহনীর সীমানার মধ্যে বিপজ্জনকভাবে বল বাড়িয়ে দেন মোহামেডানের মতিউর মুন্না। কিন্তু গোলরক্ষক নিজামকে একা পেয়েও ফ্রান্সিস বল বাইরে পাঠিয়ে দেন।
৩১ মিনিটে আবাহনীর এনডেমের শট মোহামেডান গোলপোস্টের সাইডবারে লেগে মাঠের বাইরে চলে গেলে হতাশ হয়ে পড়ে আকাশী - নীল জার্সির সমর্থকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের সেরা খেলোয়াড় ডিভাইন গোল করে মোহামেডান গ্যালারি মাতিয়ে তোলেন। ডান প্রান্ত থেকে আলফাজের বাড়িয়ে দেওয়া লবে মাথা ছুঁয়ে বল আবাহনীর জালে জড়িয়ে দেন ডিভাইন।
গোলের পরপরই মোহামেডান তাদের রক্ষণভাগ জমাট করে ফেলে। আর সুযোগ পেয়ে আবাহনীও একের পর এক আক্রমন চালায় সাদাকালো সীমানায়। এ সময় বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়েছিল। আবাহনীর ইগির মোহাম্মদের একটি সাইডভলি অবিশ্বাস্য দক্ষতায় কর্নারের বিনিময়ে রক্ষা করেন মোহামেডানের হয়ে খেলা জাতীয় দলের গোলরক্ষক বিপ্লব।
তোপের মুখে থেকেও ৯০ মিনিটে পাল্টা একটি আক্রমন থেকে দ্বিতীয় গোল আদায় করে নেয় মোহামেডান। ডিভাইনের শট আবাহনীর গোলরক্ষক নিজাম ফিরিয়ে দিলেও ফিরতি বলে টোকা দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন আলফাজ।
ম্যাচের পর বিজয়ী মোহামেডান অধিনায়ক আলফাজ খেলার ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দলকে চারবার শিরোপা এনে দিতে পেরে আমি খুশি। তিনি দলের এই বিজয়ে খেলোয়াড়দের কমিটমেন্টের প্রশংসা করেন।
অন্যদিকে আবাহনীর অধিনায়ক আরিফ খান জয় তার দলের বিদেশী খেলোয়াড়দের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, তাদের (বিদেশী ফুটবলার) কমিটমেন্ট নিয়ে আমার সন্দেহ রয়েছে।
মোহামেডান- বিপ্লব, মাহমুদুল হাসান, পিটার ওদাফ, নজরুল, রেজাউল, মুন্না, ডিভাইন, আরমান আজিজি, কামাল, আলফাজ ও ফ্রান্সিস (আসাদ)।
আবাহনী- নিজাম, ওবায়দুর, প্রদীপ, মার্শাল, এনডেম, ইগির, ইব্রাহিম, ওয়ালী ফয়সাল (লাজুক), জয়, উজ্জ্বল (টিপু) ও ফরহাদ।
হলুদ কার্ড- কামাল (মোহামেডান), নিজাম, ইগির, মার্শাল (আবাহনী)।
রেফারি- মনসুর আজাদ।
