সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে জয়ের জন্য কিউইদের প্রয়োজন ২৭৪ রান
সফরকারী শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে রোববার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ছয় উইকেটে ২৭৩ রান।
সিরিজের শেষ ম্যাচে লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু প্রথমবারের মত টস জিতে ম্যাকলেন পার্কের ব্যাটিং উইকেটে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
আতাপাত্তু দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন এবং লঙ্কান উইকেটকিপার কুমার সাঙ্গাকারা ৫৮ রান করেন। সফরে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি।
স্বাগতিক ব্ল্যাক ক্যাপ্সের পক্ষে ৬২ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নেন ক্রিস মার্টিন। শেন বন্ড ৫৩ রানের বিনিময়ে তুলে নেন দুই উইকেট।
হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি কিউই ব্যাটসম্যান স্কট স্টাইরাস। তবে দলে ফিরেছেন নার্থান এ্যাস্টেল।
শ্রীলঙ্কা দলেও কিছু পরিবর্তন হয়েছে। দলে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার রুচিরা পেরেরা এবং সুপারসাব হিসেবে খেলছেন মালেঙ্গা বানডারা।
দিনের শুরুতে ব্যাটিং করতে নেমে লঙ্কান ওপেনার উপল থারাঙ্গা ও জিহান মুবারক ম্যাচের শুরুটা ভালই করেন। ওপেনিং জুটি থেকে ৪৪ রান আসে।
লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ক্রিস মার্টিন। মার্টিনের বলে থারাঙ্গা দ্বিতীয় স্লিপে দাড়ানো পিটার ফুলটনের হাতে ক্যাচ তুলে দেন।
পাঁচ রান পরেই প্যাভিলিয়ানে ফিরে যান অপর ওপেনার মুবারক। বন্ডের বলে মুবারকের ক্যাচটি ধরেন মার্টিন।
লঙ্কান উইকেটকিপার সাঙ্গাকারা মাঠে এনে দলের চাকা সচল রাখেন। তিনি ও তিলেকারাতœা দিলশান কিউই বোলারদের দৃঢ়তার সাথে মোকাবেলা করতে থাকেন এবং ১০ ওভারে তারা ৬৯ রান যোগ করেন।
দলীয় ১২৯ রানের মাথায় দিলশান কিউই বোলার মার্টিনের বলে উইকেটকিপার ম্যাককুলামের হাতে ক্যাচ তুলে দেন। তিনি ৪৩ রান করে আউট হন।
এরপর সাঙ্গাকারার সাথে জুটি বাধেন লঙ্কান অধিনায়ক আতাপাত্তু। চতুর্থ উইকেট জুটিতে তারা ৪৯ রান যোগ করেন।
এ্যাস্টেলের বলে সাঙ্গাকারা আউট হওয়ার আগে ৫৮ রান করেন। মিডল--অডআর ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধণে ৩০ রান করেন। তাকে প্যাভিলিয়ানে ফেরানোর মাধ্যমে মার্টিন এ ম্যাচে তিন উইকেট তুলে নেন।
লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু ৪৭ তম ওভারে নিজের ৫৭তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অবশ্য শেষ পর্যন্ত ব্ল্যাক ক্যাপ্সের ফাস্ট বোলার শেন বন্ডের বলে বোল্ড হয়ে যান।
জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২৭৪ রান।
