তিন বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী - মোহামেডান
দীর্ঘ তিন বছর পর দেশের ফুটবল প্রেমীরা কোন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডানের লড়াই উপভোগ করতে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড।
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহম্মদ ফাইনাল খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করবেন। বাংলাদেশ টেলিভিশন বিকেল ৪টা থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
২০০৫ সালের প্রথম দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের কর্তৃত্ব ফিরে পাওয়ার পর এবারই প্রথম আয়োজকরা দুই চির প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথকে কেন্দ্র করে স্টেডিয়ামভর্তি দর্শক আশা করছেন। তাছাড়া দুই সেমিফাইনালের মত ফাইনালেও ‘চিয়ার্স গার্ল’দের আনন্দদায়ক উপস্থাপনাতো রয়েছেই।
তিন বছরে দু’দল বিভিন্ন টুর্নামেন্টের লিগ পর্যায়ের খেলায় মুখোমুখি হলেও কোন টুর্নামেন্টের ফাইনালে দুই ফুটবল শক্তির হাড্ডাহাড্ডি লড়াই দেখা থেকে বঞ্চিত হয়েছেন দেশের কোটি কোটি ফুটবলামোদী দর্শক। ২০০২ সালে নিটল টাটা দ্বিতীয় জাতীয় ফুটবলের ফাইনালে শেষবার মুখোমুখি হয়েছিল দু’দল। সেবার শিরোপা ঘরে তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
এবারের ফাইনালসহ এই মৌসুমে মোট ছয়বার একে অপরের বিরুদ্ধে লড়াই করবে দু’দল। এর মধ্যে চার জয় এবং একটি ড্র নিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ধানমন্ডির অভিজাত পাড়ার দল আবাহনী।
ফেডারেশন কাপে মৌসুমের প্রথম দেখায় আবাহনী ৫-১ গোলে বিধ্বস্ত করে মোহামেডানকে। একই টুর্নামেন্টের প্লে অফ ম্যাচেও মোহামেডানকে টাইব্রেকারে ৪ - ২ গোলে হারায় আবাহনী। প্রিমিয়ার লিগে তৃতীয় সাক্ষাতে এক গোলের জয় পায় তারা। চলতি জাতীয় লিগেও একই ব্যবধানে জয়ী হয় তারা। প্রিমিয়ার ফুটবলের প্রথম পর্বে দু’দলের খেলাটি ১ - ১ গোলে ড্র হয়।
শুধু জয়ের দিক থেকেই নয় জনপ্রিয় আকাশী-নীল জার্সিধারীরা টানা ১৮ ম্যাচেও রয়েছে অপরাজিত (প্রিমিয়ার লিগে দশ এবং চলতি জাতীয় লিগে আট ম্যাচ)। গত বছর ৭ জুলাই প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে শেষবার ১ - ২ গোলে হেরেছিল আবাহনী।
অন্যদিকে জাতীয় ফুটবলের ফাইনাল নিশ্চিত করা ছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব মৌসুমের শুরু থেকেই ছিল ছন্দহীন। তবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে প্লে অফ ম্যাচে হেরে প্রিমিয়ার লিগের রানার্স আপ শিরোপা ঘরে তোলে সাদাকালো শিবির।
ফাইনালকে ঘিরে দু’দলের কর্মকর্তারাই মনে করছেন, ২০০২ সালের পর আবারও আবাহনী - মোহামেডান ফাইনালকে কেন্দ্র করেই ফুটবলের হারানো গৌরব কিছুটা হলেও ফিরে আসবে।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রূপু বলেন, দেশের ফুটবল পাগল দর্শকরা আবারও আবাহনী - মোহামেডান লড়াই উপভোগ করতে যাচ্ছে, তাই ফাইনালকে ঘিরে দু’দলের সমর্থক, খেলোয়াড় এবং কর্মকর্তাদের মধ্যেও উত্তেজনা বিরাজ করবে।
জাতীয় ফুটবলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাবেক জাতীয় ফুটবলার বলেন, এর আগের টুর্নামেন্টগুলোতে আমরা সর্বশক্তি নিয়োগ করেই শিরোপার দেখা পাইনি, তাই জাতীয় ফুটবলের শিরোপা ঘরে তুলে পেছনের কষ্ট ভুলতে চাই। দলের স্টপার ওয়ালী ফয়সাল ছোটখাট ইনজুরিতে থাকলেও মোহামেডানের বিরুদ্ধে পুরো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে আবাহনী, এমনটাই আভাস দিলেন রূপু।
প্রতিপক্ষ মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, দেশের ফুটবলের জন্য আবাহনী মোহামেডান ফাইনালের গুরুত্ব অনেক।
মানিক জানান, ঐতিহ্যবাহী দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াইকে ঘিরে ভিন্ন রকম একটা আমেজ থাকেই আর মোহামেডানও সমর্থকদের ভিন্ন ধরনের খেলা উপহার দেওয়ার চেষ্টা করে।
চলতি জাতীয় লিগেই মোহামেডানের দায়িত্ব তুলে নেয়া কোচ মানিক জানান, তার দলের চার ফুটবলার- ডিফেন্ডার পিটার ওদাফ, মাহমুদুল হাসান, স্ট্রাইকার আলফাজ আহমেদ এবং এমেকা ছোটখাট ইনজুরিতে আক্রান্ত হলেও ফাইনালে পুরো শক্তির দলই খেলবে।
