প্রিমিয়ার ক্রিকেটের গুরুত্বপূর্ণ ১০ম রাউন্ড শুরু হচ্ছে রোববার
একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গুরুত্বপূর্ণ দশম রাউন্ডের খেলা রোববার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে। দশম রাউন্ডকে গুরুত্বূপূর্ণ হিসেবে দেখার কারণ হচ্ছে এই রাউন্ডের বাধা টপকে বেশ কয়েকটি বড় বাজেটের দল সুপার লিগে খেলা নিশ্চিত করবে।
ঢাকা মহানগর ক্রিকেট কমিটি (সিসিডিএম) ঈদুল আজহার কারণে ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া লিগের একাদশ ও চূড়ান্ত রাউন্ডের খেলা পিছিয়ে ১৬ জানুয়ারি নির্ধারণ করেছে।
লিগে অংশ নেয়া দলগুলোর মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস শুধুমাত্র নয় ম্যাচে অপরাজিত থেকে সুপার লিগে খেলা নিশ্চিত করেছে। তাছাড়া ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, তৃতীয় স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (১২ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে থাকা সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও সোনারগাঁও ক্রিকেটার্স (প্রত্যেকেই দশ পয়েন্ট করে) এখনও সুপার লিগে ওঠার ক্ষেত্রে অনিশ্চয়তার দোলাচালে দুলছে।
কোন দল সুপার লিগে জায়গা করে নিতে পারবে সেটা দশম রাউন্ডের খেলা শেষেই পরিস্কার হয়ে যাবে।
দশম রাউন্ডে ওল্ড ডিওএইচএস এবং চূড়ান্ত পর্বে সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে যে কোন একটি জয়ই দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়াকে সুপার লিগে নিয়ে যাবে। একই অবস্থা মোহামেডান ও বিমানেরও, অর্থাৎ মর্যাদাপূর্ণ সুপার লিগে খেলা মোটামুটি নিশ্চিত করতে দু’দলেরই একটি করে জয় দরকার।
ফতুল্লা স্টেডিয়ামে দশম রাউন্ডের খেলায় রোববার বিমান লড়বে সিটি ক্লাবের বিরুদ্ধে। অন্যদিকে বিমানের বিরুদ্ধে গতবারের রানার্স আপ সিটি ক্লাবের জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই, সুপার লিগ নিশ্চিত করতে হলে রানার্স আপদের চূড়ান্ত পর্বে ওল্ড ডিওএইচএস’র বিরুদ্ধেও জিততে হবে। বিমান চূড়ান্ত পর্বে কলাবাগান ক্রীড়া চক্রের মুখোমুখি হবে।
বিকেএসপি - ২ মাঠে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলবে জায়ান্ট কিলার কলাবাগানের বিরুদ্ধে। চূড়ান্ত পর্বে মোহামেডানের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপি - ১ মাঠে রোববার ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিরুদ্ধে খেলবে ব্রাদার্স।
এবারের লিগের খর্বশক্তির আবাহনী লিমিটেড আগের ম্যাচে ভিক্টোরিয়ার বিরুদ্ধে একরানের চমৎকার জয়ের পর রোববার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে তারকাখচিত সোনারগাঁও ক্রিকেটার্সের মুখোমুখি হচ্ছে।
লিগ পর্যায়ের শেষ দুই ম্যাচে জয় নিয়ে যদি আবাহনী জটিল গানিতিক হিসেবের মারপ্যাঁচে সুপার লিগে জায়গা করে নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অন্যদিকে সুপার লিগের পথে এগিয়ে যেতে হলে আবাহনীর বিরুদ্ধে জয় ছাড়াও চূড়ান্ত পর্বে ভিক্টোরিয়ার বিরুদ্ধেও জয় দরকার বড় বাজেটের দল সোনারগাঁও ক্রিকেটার্সের।
কুমিল্লা স্টেডিয়ামে অগ্রনী ব্যাংক খেলবে পয়েন্টশুন্য ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। অগ্রনী ব্যাংক চূড়ান্ত পর্বে প্রতিপক্ষ হিসেবে পাবে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে।
