২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিস, প্রিন্সের ব্যাটিংয়ে সিডনি টেস্টের প্রথম দিনটি দক্ষিণ আফ্রিকার

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের শততম টেস্টের প্রথম দিনটি খুব একটা ভালো কাটেনি স্বাগতিকদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

কারণ, জ্যাক ক্যালিস এবং অ্যাশওয়েল প্রিন্সের রেকর্ড শতরানের পার্টনারশিপে সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম দিনে সুবিধাজনক অবস্থানে চলে গেছে দক্ষিণ আফ্রিকা।

এই দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দিনের পুরোটা সময়ই অসি বোলাররা ছিলেন দিশেহারা। দিন শেষে তিন উইকেটে ২৩০ রান করেছে সফরকারীরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সবুজ ঘাসে আচ্ছাদিত উইকেট দেখে সবাইকে অনেকটা অবাক করে দিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। কিন্তু সকালের সেশনে আর তাদের ব্যাট হাতে নামতে হয়নি, কারণ সিডনি জুড়ে তখন রাজত্ব চলছে বৃষ্টির। 

বৃষ্টির পর খেলা শুরু হলেও প্রথম সেশনেই এবি ডি ভিলিয়ার্স (২), হার্শেল গিবস (২৭) এবং অধিনায়ক স্মিথের (৩৯) উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যে পড়লেও চতুর্থ উইকেট জুটিতে ক্যালিস এবং প্রিন্স ১৪৪ রানের পার্টনারশিপ গড়ে বেশ ভালোভাবেই বিপর্যয় সামাল দিতে সক্ষম হন। দিন শেষে ক্যালিস ৮০ এবং প্রিন্স ৬২ রানে অপরাজিত রয়েছেন।

মাত্র গত সপ্তাহেই অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটি হারানো ক্যালিস ২২৬ মিনিট ক্রিজে থেকে ১৮১ বলে এই রান করেন।

সিডনি ক্রিকেট মাঠে চতুর্থ উইকেট জুটিতে এটাই দক্ষিণ আফ্রিকার রেকর্ড পার্টনারশিপ। এর আগে ১৯৯৭-৯৮ মৌসুমে ৯৭ রানের জুটি গড়েছিলেন প্রয়াত অধিনায়ক হ্যান্সি ক্রনিয়ে এবং হার্শেল গিবস।

দক্ষিণ আফ্রিকার তিন উইকেটের দু’টিই তুলে নিয়েছেন ফাস্ট বোলার ব্রেট লি। আর একটি গেছে ম্যাকগ্রার ঝুলিতে।

এই টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন এসেছে দু’টি। বাঁ হাতি স্পিনার নিকি বোয়ের পরিবর্তে প্রথমবারের মত টেস্ট খেলার সুযোগ পেয়েছেন জন বোথা। এছাড়া মেলবোর্ন টেস্টে হাঁটুতে আঘাত পাওয়ায় শেষ টেস্টে খেলছেন না ফাস্ট বোলার মাখায়া এনটিনি। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট।

তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে রয়েছে।