২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের সেমিতে মোহামেডান

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে শিরোপা প্রত্যাশী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে মুন্সীগঞ্জ সমাবেশ ক্লাবেরর বিরুদ্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাদাকালো জার্সিধারীরা।

সুপার লিগের শেষ মাচে মুক্তিযোদ্ধা অল্প ব্যবধানে সেনাবাহিনীকে হারাতে পারলে মোহামেডান তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলবে।

বৃহস্পতিবার প্রথম সেমিতে চতুর্থ সেমিফাইনালিষ্ট দল খেলবে আবাহনীর বিরুদ্ধে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ব্রাদার্সের বিরুদ্ধে লড়বে তৃতীয় সেমিফাইনালিষ্ট দল।

সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করতে পারলেই চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে নাম লেখাবে মুক্তিযোদ্ধা। অন্যদিকে সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে সেনাবাহিনীর জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই।

সোমবারের ম্যাচে মোহামেডানের নকিব দু’টি এবং সমাবেশ ক্লাবের সোহাগ একমাত্র গোলটি করেন।

আগের ম্যাচে সেনাবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া মোহামেডানের সাথে সমাবেশ ক্লাবের বিরুদ্ধে খেলা মোহামেডানের কোন মিল খুঁজে পাওয়া যায়নি। এর অবশ্য কারণও রয়েছে। মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক সেন্ট্রাল ডিফেন্ডার পিটার ওদাফসহ আরও দুই বিদেশী ফুটবলারকে এই ম্যাচে বিশ্রাম দেন। বিদেশী খেলোয়াড়দের অনুপস্থিতিতে সুপার লিগে প্রথম গোলও হজম করে তারা। 

২৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো সমাবেশ ক্লাব। কিন্তু স্ট্রাইকার আরাফাতের শট মোহামেডানের ক্রসপিস উঁচিয়ে মাঠের বাইরে চলে যায়। তিন মিনিট পর মোহামেডানের স্ট্রাইকর আলফাজের একটি আক্রমন ব্যর্থ করে দেন সমাবেশ ক্লাবের আল আমিন।

৩৯ মিনিটে আর ভুল করেননি সমাবেশ ক্লাবের সোহাগ। আরাফাতের কাছ থেকে বল পেয়ে মোহামেডানের ফাঁকা পোষ্টে ঠেলতে কোন সমস্যায় পড়তে হয়নি সোহাগকে।

মোহামেডানের হয়ে ৬০ মিনিটে সমতা ফেরান নকিব। সমাবেশ ক্লাবের সীমানার মধ্যে নকিবকে উদ্দেশ্য করে বল ঠেলে দেন মিডফিল্ডার আসাদ। অভিজ্ঞ স্ট্রাইকার নকিব চমৎকার দক্ষতায় বুক দিয়ে বল নামিয়ে নিয়ে সাইড ভলির মাধ্যমে বল জালে জড়িয়ে দেন।

৮২ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন নকিব। এবারও মতিউর মুন্না বাঁ প্রান্ত দিয়ে বল বাড়িয়ে দেন নকিবের দিকে। নকিব ঠান্ডা মাথায় দেখেশুনে বল সমাবেশ ক্লাবের জালে পাঠিয়ে দেন।