আসন্ন পাক-ভারত সিরিজের জন্য ট্রেনিং ক্যাম্পের জন্য ডাক পেয়েছেন ১৮ জন পাক ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ উপলক্ষ্যে পাকিস্তান দলের প্রাকপ্রস্তুতি ক্যাম্পে ১৮ জন ক্রিকেটার ডাক পেয়েছেন। পাঁচ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে ট্রেনিং শুরু হবে।
ভারতীয় দলও পাঁচ জানুয়ারি পাকিস্তানে যাবে এবং সফরের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে সাত জানুয়ারি।
সফরের প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে ১৩ জানুয়ারি লাহোরে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
১৮-সদস্যের দলে ডাক পেয়েছেন রাফাতউল্লাহ মাহমন্দ যিনি পাকিস্তানের ঘরোয়া প্রিমিয়ার টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফি টুর্নামেন্টে তিনটি সেঞ্চুরিসহ ৪৪৪ রান করেন। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচেও ৫৫ রান করেন।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন - ইনজামাম উল হক, সালমান বাট, শোয়েব মালিক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, শাহেদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, শোয়েব আখতার, কামরান আকমল, রানা নাভেদ উল হাসান, মোহাম্মদ সামি, দানেশ কানেরিয়া, আরশাদ খান, মোহাম্মদ আসিফ, উমর গুল, আসিম কামাল, ইয়াসির হামিদ, রাফাতউল্লাহ মাহমান্দ।
