এশিয়া কাপ ফুটবল বাছাই পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ উজবেকিস্তান
আসন্ন এএফসি এশিয়া কাপ ২০০৭ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান হয়েছে এফ গ্রুপে। গ্রুপেটিতে বাংলাদেশের সাথে রয়েছে হংকং, কাতার এবং গত আসরের কোয়ার্টার ফাইনালিস্ট উজবেকিস্তান।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কার্যালয়ে বুধবার এশিয়া কাপ বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়। বাছাই পর্বে অংশগ্রহনকারী এশিয়ার ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে শীর্ষ দল চূড়ান্ত পর্বে খেলবে। টুর্নামেন্টের চার স্বাগতিক দেশ- থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া সরাসরি খেলবে চুড়ান্ত পর্বে। চতুর্দশ এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব শুরু হবে ২০০৭ সালের ৯ জুলাই।
২২ ফেব্র“য়ারি উজবেকিস্তানের সাথে অ্যাওয়ে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ বাছাই পর্বের খেলা শুরু করবে। দু’দলের মধ্যেকার হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর। এছাড়া বাংলাদেশ হংকংয়ের বিরুদ্ধে ১ মার্চ হোম ম্যাচ এবং বাছাই পর্বের শেষ দিন অর্থাৎ ১৫ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ খেলবে। এফ গ্র“পের আরেক প্রতিপক্ষ কাতারের বিরুদ্ধে বাংলাদেশ ১৬ আগস্ট খেলবে হোম ম্যাচ এবং ৬ সেপ্টেম্বর দু’দল কাতারের মাটিতে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে।
টুর্নামেন্টের প্রাক বাছাই পর্বে বাংলাদেশ ১-০ গোলে পাকিস্তানকে হারিয়ে বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। একেবারে শেষ মুহূর্তে শ্রীলংকা নাম প্রত্যাহার করে নিলে পাকিস্তানও বাছাই পর্বে খেলার সুযোগ পায়।
বাছাই পর্বে পাকিস্তান সি গ্রুপে জর্ডান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে লড়বে।
গ্রুপ এ-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করা সৌদি আরব, ইয়েমেন এবং ভারত।
বি গ্রুপেও রয়েছে বিশ্বকাপের দুই দল-ইরান ও দক্ষিণ কোরিয়া। সাথে রয়েছে সিরিয়া এবং চাইনিজ তাইপে।
১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এএফসির সদস্যপদ লাভ করা অস্ট্রেলিয়া ডি গ্রুপে বাহরাইন, কুয়েত এবং লেবাননের সাথে খেলবে। ই গ্রুপে রয়েছে চীন, ইরাক, সিঙ্গাপুর ও ফিলিস্তিন।
বাছাই পর্বে অংশগ্রহনকারী দলগুলোকে ৪০ জন করে খেলোয়াড়ের নাম নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। প্রতিটি ম্যাচের এক সপ্তাহ আগে দলগুলো সর্বোচ্চ পাঁচ জন করে ফুটবলার পরিবর্তন করতে পারবে।
বাছাই পর্বের গ্রুপিং:
গ্রুপ এ- জাপান, সৌদি আরব, ভারত, ইয়েমেন
গ্রুপ বি- দক্ষিণ কোরিয়া, ইরান, তাইওয়ান, সিরিয়া
গ্রুপ সি- সংযুক্ত আরব আমিরাত, ওমান, জর্ডান, পাকিস্তান
গ্রুপ ডি- অস্ট্রেলিয়া, লেবানন, কুয়েত, বাহরাইন
গ্রুপ ই- চীন, ইরাক, ফিলিস্তিন, সিঙ্গাপুর
গ্রুপ এফ- উজবেকিস্তান, কাতার, বাংলাদেশ, হংকং।
বাংলাদেশের খেলার সময়সূচি:
বাংলাদেশ বনাম উজবেকিস্তান ২২ ফেব্র“য়ারি (অ্যাওয়ে)
বাংলাদেশ বনাম হংকং ১ মার্চ (হোম)
বাংলাদেশ বনাম কাতার ১৬ আগস্ট (হোম)
বাংলাদেশ বনাম কাতার ৬ সেপ্টেম্বর (অ্যাওয়ে)
বাংলাদেশ বনাম উজবেকস্তান ১১ অক্টোবর (হোম)
বাংলাদেশ বনাম হংকং ১৫ নভেম্বর (অ্যাওয়ে)।
