২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে ভিক্টোরিয়ার বিরুদ্ধে আবাহনীর এক রানের শ্বাসরুদ্ধকর জয়

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বৃহস্পতিবার নবম রাউন্ডের খেলায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সুপার সিক্সে খেলার আশা জিইয়ে রেখেছে আবাহনী লিমিটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

 ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী মাত্র এক রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ভিক্টোরিয়ার বিরুদ্ধে।

এই জয়ের ফলে নয় ম্যাচে আবাহনীর ঝুলিতে জমা পড়েছে আট পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়ার সংগ্রহ ১৪ পয়েন্ট।

দশম রাউন্ডে তারকাখচিত সোনারগাঁও ক্রিকেটার্সের বিরুদ্ধে জিততে পারলে সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে যাবে আবাহনী। বিকেএসপি -- ১ মাঠে বৃহস্পতিবার সোনারগাঁও ক্রিকেটার্সও দুর্বল আগ্রনী ব্যাংকের বিরুদ্ধে আট উইকেটের এক সহজ জয় পেয়েছে।

বিকেএসপি -- ২ মাঠে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস ৪১ রানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে হারিয়ে তাদের জয়যাত্রা অব্যাহত রেখেছে।

এদিকে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে মোহামেডান নয় উইকেটে হারিয়েছে গতবারের রানার্স আপ সিটি ক্লাবকে।

ধানমন্ডি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ছয় উইকেটে ওরিয়েন্ট ক্লাবকে এবং কুমিল্লা স্টেডিয়ামে কলাবাগান ৪৯ রানে হারিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্রকে।

নবম রাউন্ডের খেলা শেষে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওল্ড ডিওএইচএস। দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়ার পয়েন্ট ১৪। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোহামেডান এবং বিমান। সোনারগাঁও ক্রিকেটার্স, ব্রাদার্স ইউনিয়ন এবং সিটি ক্লাবের সংগ্রহ দশ পয়েন্ট। এরপরই অবস্থান করছে অগ্রনী ব্যাংক (চার পয়েন্ট), ইন্দিরা রোড (দুই পয়েন্ট) এবং ওরিয়েন্ট (০ পয়েন্ট)।

আবাহনী বনাম ভিক্টোরিয়া

প্রথম ব্যাট করতে নেমে খর্বশক্তির আবাহনী ৪৯ দশমিক তিন ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৩ রানের সম্মানজনক স্কোর গড়ে। ইমরানের ৬৩ এবং জহুরুলের ৪৮ রানেই ভর করে আবাহনী এই স্কোর করতে সক্ষম হয়। এছাড়া ফয়সাল হোসেন ডিকেন্স ৩৭ রান করেন। আবাহনীর আট ব্যাটসম্যান দুই অংকের রান করতে পারেননি।

জবাবে ভিক্টোরিয়া জয় থেকে দুই রান দুরে থাকতেই ৪৯ দশমিক পাঁচ ওভারে ২০২ রানে অলআউট হয়ে যায়। আবাহনীর তিন বোলার- কুমার ধর্মসেনা, ফয়সাল এবং আহসানুল্লাহ হাসান দুই বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার রানের রাশ টেনে ধরেন। শেষ ওভারের পঞ্চম বলে ধর্মসেনা ভিক্টোরিয়ার শেষ ব্যাটসম্যান এসকে শুভকে আউট করে দলকে জয় এনে দেন।

মোহামেডান বনাম সিটি ক্লাব

প্রথম ব্যাট করে গতবারের রানার্স আপ সিটি ক্লাব নয় উইকেটে মাত্র ১৮৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শাহরিয়ার নাফিস সর্বোচ্চ ৬৯ রান করেন।

জবাবে আউট অব ফর্ম হান্নান সরকারের অপরাজিত ৯৯ রানে ভর করে মোহামেডান ভারতীয় সন্দ্বীপ শর্মার উইকেট হারিয়ে ১৮৮ রান করে জয় তুলে নেয়। সন্দ্বীপ ৪৮ রান করেন।

ডিওএইচএস বনাম বিমান

প্রথম ব্যাট করতে নেমে আট রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে চ্যাম্পিয়ন ডিওএইচএস। কিন্তু শেষ পর্যন্ত মিডলঅর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ছয় উইকেটে ২৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর করতে সক্ষম হয় চ্যাম্পিয়নরা।

দলের ইনফর্ম কেনিয়ান ব্যাটসম্যান স্টিভ টিকোলো ৮৪ বলে ৮৭, শাহিন ৪৪, অধিনায়ক আকরাম খান ৪২ এবং মাঞ্জারুল ইসলাম রানা ৪০ রান করে দলের বিপর্যয় সামাল দেন।

জবাবে বিমান মুশফিকুর রহিম (৭০), সাজ্জাদ কাদির (৫৯) এবং সুপারসাব হুমায়ুন কবিরের (৫৩) তিনটি অনবদ্য অর্ধশতক ইনিংস সত্ত্বেও ২২৩ রানে অলআউট হয়ে যায়।

সোনারগাঁও বনাম অগ্রনী ব্যাংক

অগ্রনী ব্যাংক প্রথম ব্যাট করে ১৩৩ রানের অল্প সংগ্রহেই গুটিয়ে যায়। তৌহিদ সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া রাসেল করেন ৩০ রান। জবাবে মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ৫৫ রানের সুবাদে সোনারগাঁও ক্রিকেটার্স দুই উইকেট খুইয়ে ১৩৬ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।

ব্রাদার্স বনাম ওরিয়েন্ট

ওরিয়েন্ট ক্লাবের নয় উইকেটে ১৮৬ রানের জবাবে ব্রাদার্স ইউনিয়ন চার উইকেট হারিয়ে ১৯০ রান করে জয় তুলে নেয়। নাফিস ইকবাল ৫৬ এবং রশিদ হানিফ ৬০ রান করেন।

ওরিয়েন্ট ক্লাবের পক্ষে মাজহারুল সর্বোচ্চ ৬৪ রান করেন।

কলাবাগান বনাম ইন্দিরা রোড

কলাবাগানের ছয় উইকেটে ২৮৫ রান করতে নেমে ইন্দিরা রোড ২৩৬ রানে অলআউট হয়। কলাবাগানের নাহিদুল অপরাজিত ৫৫, করিম মিঠু ৫৩, উত্তম সরকার ৪৩ রান করেন।

ইন্দিরা রোডের পক্ষে গোলাম মওলা ৫৩, রাজেশ ৪২ এবং জাহিদ ৩৫ রান করেন।