শ্রীলঙ্কাকে ২১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
ওয়েলিংটনে শুক্রবার অনুষ্ঠিত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যেকার চলতি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে ২১ রানে পরাজিত করেছে।
সফরকারী দলের চামিন্দা ভাসের চমৎকার বোলিং স্বাগতিকদের বড় সংগ্রহ গড়তে দেয়নি।
নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে।
দলের পক্ষে হামিশ মার্শাল ৫০, পিটার ফুল্টন ৫০ এবং অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ৩৭ রান করেন।
ভাস ১০ ওভার বল করে ৩৯ রান খরচায় পাঁচটি উইকেট লাভ করেন। ফার্নান্দো দুটি এবং মাহরুফ ও মুরলিধরন প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
জয়ের জন্যে ২২৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নিজেদের ইনিংসের তিন ওভার দুই বল বাকি থাকতেই ২০৩ রানে অলআউট হয়ে যায়।
শ্রীলঙ্কার পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান জোহান মোবারক দলীয় সর্বোচ্চ ৫৩ ও উইকেটরক্ষক- ব্যাটসম্যান কুমারা সাঙ্গাকারা ৫২ রান করেন।
কিউ ফাস্ট বোলার শেন বন্ড ৩৯ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন। অবশ্য নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে মিতব্যয়ী বল করেছেন অফস্পিনার যিতেন প্যাটেল। তিনি দশ ওভারে মাত্র ২৩ রান দিয়ে দু’টি উইকেট লাভ করেন।
এছাড়া ফ্রাঙ্কলিন দুটি এবং কেয়ার্নস, স্টাইরিস ও ভেট্টোরি প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান গিয়ে দাঁড়াল ৪--০।
২০০৪ সালের ডিসেম্বরে সিরিজের প্রথম ম্যাচটি হলে এশিয়ায় ভয়াবহ সুনামির কারণে পরবর্তী চারটি ম্যাচ স্থগিত করা হয়।
এ হারের ফলে সেপ্টেম্বরের চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত পর্বে খেলার আগে শ্রীলঙ্কাকে বাছাই পর্বে খেলতে হতে পারে।
