প্রথম বিভাগ ক্রিকেটে ১১তম জয় পেয়েছে পারটেক্স
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শুক্রবার অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে পারটেক্স স্পোর্টিং ক্লাব চার উইকেটে ক্রিকেট কোচিং (সিসিএস) স্কুলকে হারিয়েছে।
চলতি লিগে পারটেক্সের এটি ১২ খেলায় ১১তম জয়। এ জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়।
লিগ পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করা ইয়াং পেগাসাস সমসংখ্যক খেলায় অংশ নিয়ে ২৪ পয়েন্ট লাভ করেছে।
১২ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ক্রিকেট কোচিং স্কুল।
প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট কোচিং স্কুল ৪৯ ওভার চার বল মোকাবেলা করে সবকটি উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে।
দলের পক্ষে অধিনায়ক ইয়াসিন খান ও রাশেদুল ইসলাম উভয়ই ৩১ রান করে সংগ্রহ করেন।
পারটেক্সের পক্ষে দ্বীপ ৪৯ রান দিয়ে তিনটি উইকেট লাভ করেন।
জয়ের জন্যে ১৯৬ রানে লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তিন ওভার তিন বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে পারটেক্স জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
বিজয়ী দলের পক্ষে সালাউদ্দিন ৭৮ রান ও মুন্না ৩৫ রান করেন।
ক্রিকেট কোচিংয়ের রাশেদুল ৩৪ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন।
