হ্যান্ডবল লিগ শনিবার শেষ হচ্ছে
ব্যাক্ট্রল প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে শুক্রবার মনসুর স্পোর্টিং ক্লাব ও প্রাইম স্পোর্টিং ক্লাবের মধ্যেকার খেলা ড্র হয়েছে।
ঢাকার আউটার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে মনসুর স্পোর্টিং ১২-৯ ব্যবধানে এগিয়ে থাকার পরও খেলাটি শেষ পর্যন্ত ২৩-২৩ ব্যবধানে ড্র হয়।
প্রাইম স্পোর্টিংয়ের পক্ষে লিটন ১৩টি এবং মনসুর স্পোর্টিংয়ের পক্ষে রবিউল নয়টি ও চাঁদমিয়া আটটি গোল করেন।
লিগের সুপার ফোর পর্বের সর্বশেষ ম্যাচ শনিবার অনুষ্ঠিত হবে।
পরিকল্পনা প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবীর তালুকদার লিগের সর্বশেষ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও ট্রফি বিতরন করবেন বলে জানা গেছে।
