লিভারপুল চেলসি ম্যাচ গোলশূণ্য ড্র
এনফিল্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুল ও চেলসির মধ্যকার বুধবারের ম্যাচ গোলশূণ্য ড্র হয়েছে।
কোচ রাফায়েল বেনিটেজের নেতৃত্বাধীন লিভারপুল খেলার অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণ করলেও চেলসি ম্যানেজার হোসে মরিনহোর দল খেলায় নিজেদের ধরে রাখতে সমর্থ হয়।
খেলার প্রথমার্ধে লিভারপুলের গোলকিপার রেইনা চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও আরজিন রোবিনের আক্রমণ প্রতিহত করেন। ম্যাচটা ড্র রাখতে রেইনার ভূমিকা অপরিসীম। অপরদিকে লিভারপুলের নিশ্চিত একটি পেনাল্টির আবেদন ইতালীয় রেফারি ম্যাসিমো ডি সান্টিস নাকচ করে দেন।
এর কয়েক মিনিট পরে উইলিয়াম গ্যালাসের গোলমুখী হেড জেমি ক্যারাঘার হাত দিয়ে প্রতিহত করলে চেলসি পেনাল্টির আবেদন জানায়। অনিচ্ছাকৃত কথা বলে রেফারি ম্যাসিমো সে আবেদন নাকচ করে দেন।
লিভারপুল তূলনামূলকভাবে বুধবার আক্রমণাত্মক ফরম্যাটে খেলা শুরু করে। তাদের আক্রমণভাগ শক্তিশালী করতে পিটার ক্রাউচকে যোগ্য সহায়তা দিতে জিবরিল সিসিকে খেলানো হয়েছে।
লিভারপুল আক্রমণাত্মক হয়ে উঠলে খেলার গতি পরিবর্তন করার জন্য খেলার ৬৪ মিনিটের সময় নিস্প্রভ রোবিনের স্থলে শন রাইট ফিলিপ্সকে ও ৭৫ মিনিটের সময় মরিনহো ডুফের স্থলে আর্জেন্টিনার হার্নান ক্রেসপোকে মাঠে নামালেও খেলার ফলাফল পরিবর্তনে তারা খুব বেশি ভূমিকা রাখতে সক্ষম হননি।
