গাঙ্গুলির সাথে কাজ করা কঠিন : ফ্লিনটফ
ইংল্যান্ড ক্রিকেট দলের তারকা খেলোয়াড় ও অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ বলেছেন, ভারতের ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সাথে একসাথে কাজ করা কঠিন।
ভারতের জাতীয় ক্রিকেট দলে স্থান নিয়ে শঙ্কিত গাঙ্গুলি বর্তমানে তার অস্ট্রেলীয় কোচ গ্রেগ চ্যাপেলের সাথে প্রকাশ্য বিতর্কে জড়িয়ে পড়েছেন। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রত্যক্ষ হস্তক্ষেপে কোচ চ্যাপেল ও অধিনায়ক গাঙ্গুলি দলের স্বার্থে একসাথে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
২০০০ সালে ইংলিশ কাউন্টি লিগে ফ্লিনটফ ও গাঙ্গুলি একই সাথে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন। ফ্লিনটফ বলেছেন, গাঙ্গুলির চরিত্রটা একটু অন্য ধরনের।
১৬ বছর পর অস্ট্রেলিয়ার কাছ থেকে অ্যাসেজ ট্রফি ছিনিয়ে নেয়া ইংল্যান্ডের দলের সবচেয়ে সফল সদস্য ফ্লিনটফ তার আত্মজীবনীতে লিখেছেন, গাঙ্গুলি কোন কিছু বুঝতে চেষ্টা করে না। সে এমনভাবে উপস্থিত হয় যে, রাজত্ব তার হাতের মুঠোয়। মনে হয় প্রিন্স চার্লস দলের পক্ষে খেলছেন।
গাঙ্গুলির ক্যারিয়ার সংক্ষিপ্ত হয়ে আসছে বলে কোচ চ্যাপেলের এরকম চিন্তার কথা অস্ট্রেলিয়ার মিডিয়া প্রকাশ করে। এর পর থেকেই ইন্ডিয়ার ঘরে আগুন লেগে যায়। এ প্রেক্ষিতে নিজেদের মধ্যে ভুলবুঝাবুঝির অবসান ঘটাতে ক্রিকেট বোর্ড চ্যাপেল ও গাঙ্গুলিকে নির্দেশ দিয়েছে।
অবশ্য টেস্ট জয়ের পরিসংখ্যানের দিক থেকে গাঙ্গুলি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
তবে ফ্রেডি ডাক নামধারী ফ্লিনটফ লিখেছেন, একজন খেলোয়াড় ভাল খেলতে পারছে না-এ রকম খেলোয়াড়কে দলে রাখা অবশ্যই সমস্যা। কেননা, আমাদের প্রত্যেকের জীবনেই উত্থান-পতন রয়েছে। কিন্তু সে (গাঙ্গুলি) এসবে জড়িত হতে চায় না।
ফ্লিনটফ লিখেছেন, সে অপর খেলোয়াড়ের ব্যাপারে এতোটা আগ্রহী নয়। আর এ কারণেই গাঙ্গুলি যখন কোন দলে থাকে, তখন বাকি ১০ খেলোয়াড়দের জন্য পরিবেশটা কঠিন হয়ে যায়।
২০০৬ সালে ইংল্যান্ড যখন ভারত সফরে যাবে তখন গাঙ্গুলির সাথে ফ্লিনটফের সাক্ষাৎ হবার সম্ভাবনা প্রবল।
ফ্লিনটফ আরও লিখেছেন, আমরা এখনও একে অপরকে হ্যালো জানাই। আমরা একে অপরের প্রতি সন্তুষ্ট। ব্যাপারটা এর চেয়ে আর বেশি কিছু নয়।
ফ্লিনটফ লিখেছেন, আমি তাকে ঘৃনা করি না। তবে তার সাথে চলতে গেলে অনেক সংগ্রাম করতে হয়।
