গাঙ্গুলি ও চ্যাপেলকে একসাথে কাজ করতে রিভিউ কমিটির পরামর্শ
কোচ গ্রেগ চ্যাপেল এবং অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিজেদের মধ্যেকার ভুল বুঝাবুঝি দুর করে দলের উন্নতির দিকে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের রিভিউ কমিটি।
মঙ্গলবার মুম্বাইতে সমস্যার সমাধান খুঁজে বের করতে বিবদমান দুই পক্ষকে নিয়ে বিশেষ বৈঠকে বসে রিভিউ কমিটি। বৈঠক শেষে বোর্ড সভাপতি রণবীর মহেন্দ্র জানান, কমিটি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার উপরই জোর দিয়েছে। মহেন্দ্র বলেন, কোচ এবং অধিনায়ককে একটি ইউনিট হিসেবে কাজ করতে হবে এবং এজন্য দু’জনের মধ্যে পেশাদারিত্ব বজায় রাখাও প্রয়োজন।
সম্প্রতি জিম্বাবুয়ে সফরের সময় সৌরভ-চ্যাপেলের দ্বন্দ্ব প্রকাশ পায়। সিরিজ চলাকালীন সময়ে গাঙ্গুলি মিডিয়াতে বলেন, কোচ তাকে দায়িত্ব ছেড়ে দিতে বলেছেন। ব্যাপারটা এ পর্যন্তই থেমে যেতে পারত, কিন্তু গত শুক্রবার বোর্ডের কাছে প্রেরিত কোচ চ্যাপেলের গোপন ই-মেইলটি মিডিয়াতে ফাঁস হয়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
গোপন ই-মেইলে চ্যাপেল বলেন, দলকে দীর্ঘদিন সার্ভিস দেয়ার মত শারিরিক ও মানসিকভাবে গাঙ্গুলি ফিট নন।
মঙ্গলবার ছয় সদস্য বিশিষ্ট রিভিউ কমিটির সামনে হাজির হন গাঙ্গুলি আর চ্যাপেল। কমিটির অন্যতম তিন সদস্য হলেন সাবেক তিন অধিনায়ক সুনীল গাভাস্কার, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন এবং রবি শাস্ত্রী।
বোর্ড সভাপতি রণবীর সিং মহেন্দ্র বলেন, দলে টিকে থাকার ক্ষেত্রে পারফরম্যান্সই মুল বিবেচ্য বিষয় এবং এটা কোচ ও অধিনায়কসহ দলের সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।
মিথ্যে ইনজুরির অজুহাত দেখিয়ে গাঙ্গুলি ফাস্ট বোলিং মোকাবেলা করতে চাননা, চ্যাপেলের এ ধরনের অভিযোগ খারিজ করে দিয়েছে রিভিউ কমিটি।
এ ব্যাপারে মহেন্দ্র বলেন, গাঙ্গুলির মিথ্যে ইনজুরির অজুহাত নিয়ে যে অভিযোগ উঠেছে তা মোটেই সঠিক নয় বলে কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে।
তিনি আরও জানান, গাঙ্গুলির অধিনায়কত্ব সংক্রান্ত সকল সিদ্ধান্ত শুধুমাত্র জাতীয় নির্বাচকরাই গ্রহণ করবে।
