কর্পোরেট লিগে খেলছে না প্যান প্যাসিফিক সোনারগাঁও ও বিজিএমইএ
মাঠে গড়ানোর আগেই হোঁচট খেয়েছে গ্রামীন ফোন তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগ। ১২ দল নিয়ে লিগ আয়োজনের কথা থাকলেও সোমবার জানা গেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং বিজিএমইএ এন্ট্রি না পাঠানোয় ধাক্কা খেল কর্পোরেট লিগ।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে এসেছে ৫ অক্টোবর থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হতে যাওয়া কর্পোরেট লিগে ১২টি দল অংশ নেবে। কর্পোরেট লিগ কমিটির চেয়ারম্যান শাহ নুরুল কবির শাহীন সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং বিজিএমইএ’র অংশগ্রহন না করার বিষয়টি নিশ্চিত করেন এবং এজন্য তিনি বিসিবি সাধারণ সম্পাদক মাহবুব আনামকে দায়ী করেন।
শাহীন বলেন, দেশের বাইরে অবস্থানের কারনে আমি কর্পোরেট লিগ কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলাম না এবং মাহবুব আনাম প্যান প্যাসিফিক সোনারগাঁও এবং বিজিএমইএ’র বিষয়টি অবগত ছিলেন।
লিগ কমিটির চেয়ারম্যান বাংলা ক্যাট নামে একটি প্রতিষ্ঠানের লিগে অংশগ্রহনের ব্যাপারে নিশ্চিত করেছেন এবং আরেকটি প্রতিষ্ঠানের ব্যাপারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। আরেকটি দলের জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করা হবে এবং দল না পাওয়া গেলে ১১টি দল নিয়েই লিগ শুরু হবে।
রমজানের জন্য লিগ শুরুর তারিখ একদিন এগিয়ে নিয়ে আসা হতে পারে বলে জানিয়েছেন শাহীন।
এদিকে সোমবার লিগের খেলোয়াড়দের দলবদলের দ্বিতীয় দিন ৫০ জন খেলোয়াড় নিজ নিজ দল খুঁজে নেন।
ইপিলিয়ন গ্রুপ জাতীয় দলের পেসার শাহাদত হোসেন রাজীব ও বাদপড়া পেসার তারেক আজিজসহ এদিন ১৯ জনকে দলভুক্ত করে। গাজী ট্যাংক দলভুক্ত করেছে ১১ জন ক্রিকেটার। এরমধ্যে খালেদ মাহমুদ সুজন ও মাঞ্জারুল ইসলাম রানাও রয়েছেন। বিমান বাংলাদেশ প্রথম দিনই ঘর গুছিয়ে ফেললেও দ্বিতীয় দিন তারা দলে সাইন করিয়েছে জাতীয় দলের নবাগত পেসার সৈয়দ রাসেল ও সাবেক পেসার মোহাম্মদ শরীফকে। এছাড়া এমএম ইস্পাহানী চার ও সিকিউরিটি এয়ার এক্সপ্রেস প্রথম দিনের নয়জনের পর সোমবার আরও পাঁচ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
