২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মত ঢাকার বাইরে যাচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ, ১ ডিসেম্বর শুরু

দেশের মর্যাদাপূর্ণ ক্রিকেট আসর প্রিমিয়ার ক্রিকেট লিগ এবারই প্রথম ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর থেকে দেশের ছয়টি ভেন্যুতে শুরু হবে হবে লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

লিগের প্রথম পর্বের ম্যাচগুলো বিরতিহীনভাবে চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। সুপার লিগের খেলা শুরু হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। ১০ থেকে ১২ নভেম্বর প্রিমিয়ার ও প্রথম বিভাগের খেলোয়াড়দের এবং ২২ থেকে ২৪ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের খেলোয়াড়দের দলবদল কার্যক্রম চলবে।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মহনগর ক্রিকেট কমিটির (সিসিডিএম) এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিসিডিএম চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪১ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে জামিলউদ্দিন বিডিনিউজকে জানান, স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটের আমেজ ছড়িয়ে দিতেই আমরা এবার প্রিমিয়ার ক্রিকেট লিগ ঢাকার বাইরে আয়োজন করতে যাচ্ছি। তিনি বলেন, ঢাকার বাইরে লিগ আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভিন্ন স্বাদ দিতে চাই।

তিনি জানান, ঢাকার বাইরে লিগে অংশগ্রহনকারী দলগুলোর সম্পুর্ণ খরচ বহন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রিকেটাররা যাতে ধাতস্থ হতে পারে, সেজন্য প্রিমিয়ার লিগের ভেন্যুগুলোতে ভিন্ন ভিন্ন ধরনের উইকেট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জামিলউদ্দিন।

লিগের ভেন্যু হিসেবে পাঁচটি ভেন্যু নির্বাচন করা হয়েছে। এগুলো হচ্ছে-ঢাকার জন্য ফতুল্লা, ধানমন্ডি এবং বিকেএসপির দুই নম্বর মাঠ এবং ঢাকার বাইরে নির্বাচন করা হয়েছে বগুড়া ও কুমিল্লা স্টেডিয়াম। ষষ্ঠ ভেন্যু হিসেবে বিকেএসপির এক নম্বর মাঠটি না পাওয়া গেলে ময়মনসিংহ অথবা চাঁদপুর স্টেডিয়াম থেকে যে কোন একটিকে বেছে নেয়া হবে বলে জানান সিসিডিএম চেয়ারম্যান।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, প্রিমিয়ার লিগের প্রতিটি দল এবার তিনজন করে বিদেশী খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। তবে প্রথম পর্বে একজন বিদেশী খেলোয়াড় মাঠে নামতে পারবেন। তবে দ্বিতীয় পর্বে দলগুলো চারজন করে বিদেশী ক্রিকেটার দলে টানতে পারবে আর মাঠে নামতে পারবেন দুই জন করে। তবে দ্বিতীয় ক্রিকেটারকে অবশ্যই অল রাউন্ডার হতে হবে এবং তাকে অবশ্যই ছয়জনের পর ব্যাট করতে হবে।

এক প্রশ্নের জবাবে খন্দকার জামিল বলেন, প্রিমিয়ার লিগের জন্য ২০ জন ক্রিকেটার নিয়ে পুল গঠন এবং পুল থেকে তিনজন করে খেলোয়াড় দলভুক্ত করার অনুমতি দেয়া হতে পারে।