২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ফুটবলে মহিলা রেফারীদের রেকর্ড

দেশের ফুটবলাঙ্গণে আরেকটি নতুন মাত্রা যোগ হলো সোমবার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন প্রাণ কোলা স্কুল ফুটবল টুর্ণামেন্টের দিনের শেষ ম্যাচটি চারজন মহিলা রেফারী পরিচালনা করে এই অনন্য রেকর্ড গড়েন।

রেফারী আয়শা আক্তার অবশ্য এর আগে টুর্ণামেন্টের প্রথম পর্বের একটি খেলা পরিচালনা করেন। কিন্তু সেই ম্যাচে সহকারী রেফারী হিসেবে ছিলেন দুইজন পুরুষ রেফারী।

দিনের আলোচিত ম্যাচটিতে খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে হারায় শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের রেজাউল ইসলাম, হানিফ ও মাহবুব একটি করে গোল করেন। বিজিত দলের রতন ও মাসুদ দু’টি গোল পরিশোধ করেন।

এর আগে এ গ্রুপ থেকে রায়েরবাজার উচ্চ বিদ্যালয় ও দোলাইরপাড় উচ্চ বিদ্যালয় যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে সেমিফাইনালে উন্নীত হয়। বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে সেমিফাইনালে ওঠে যথাক্রমে রেসিডেন্সিয়াল মডেল এবং এমারত হোসেন উচ্চ বিদ্যালয়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুধবার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে রায়েরবাজার উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে এমারত হোসেন উচ্চ বিদ্যালয়ের এবং দ্বিতীয় সেমিতে রেসিডেন্সিয়াল মডেল লড়বে দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে।