২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হকির সুপার সিক্সের লাইন আপ চূড়ান্ত

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাতীয় হকি চ্যাম্পিয়নশীপে রোববার গতবারের রানার্স আপ ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, বিকেএসপি ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা নিজ নিজ খেলায় জয়ী হয়ে সুপার সিক্সে খেলা নিশ্চিত করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ বিমানবাহিনীও সুপার সিক্সে নাম লিখিয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে সুপার সিক্সের খেলা।

দিনের প্রথম ম্যাচে জাতীয় দলের খেলোয়াড় মুসা মিয়ার অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে ফরিদপুর ৯-০ গোলে হারায় খুলনাকে। এছাড়া বিজয়ী দলের প্রশান্ত কুমার দু’টি ও মিরাজুল আহসান, কুতুবুদ্দিন, ইয়ামিন ও হাসান আহমেদ একটি করে গোল করেন।

দ্বিতীয় ম্যাচে বিকেএসপি ৬-০ গোলে হারিয়েছে যশোরকে। বিকেএসপির মামুন ও মোস্তফা দু’টি করে এবং নাজমুল ও মনিরুজ্জামান একটি করে গোল করেন।

শেষ ম্যাচে রাজশাহী ফারুক আহমেদের একমাত্র গোলে হারায় বাংলাদেশ নৌবাহিনীকে।