বাংলাদেশে ক্রিকেট দল শুন্য হাতে ফিরছে সোমবার
ওয়ানডে এবং টেস্ট উভয় সিরিজে লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল শুন্য হাতে সোমবার শ্রীলংকা সফর শেষে ঢাকা ফিরছে।
কোচ হোয়াটমোরের সোমবারই ফিরে আসার কথা থাকলেও তিনি আরো কয়েকটি দিন পরিবারের সাথে কাটবেন। তবে কখন তিনি ফিরে আসবেন সেটা এখনো বিসিবিকে জানাননি।
এছাড়াও সোমবার দলের সাথে ফিরছেন না জাভেদ ওমর। তিনিও সেখানে আরো কয়েকটি দিন কাটাবেন।
এর আগে প্রতিটি সফরে বাংলাদেশ কারো ব্যক্তিগত কিংবা দলীয় কোন সফলতা নিয়ে ফিরলেও এবারই তারা ফিরছে একেবারে খালি হাতে।
শ্রীলংকা সফরের আগে দলের কোচ ডেভ হোয়াটমোর এবং অধিনায়ক হাবিবুল বাশার অন্তত একটি দুটি ম্যাচে জয়ের কথা বললেও বাস্তবতা ভিন্ন। দেশবাসীকে তারা এখন হতাশ করে ফিরছে। এর আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি সাফল্যের পর দলকে নিয়ে জাতির প্রত্যাশা ছিলো অনেক।
শ্রীলংকায় প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানরা যেখানে রান পেয়েছে, সেখানে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা তাদের স্বাভাবিক খেলাটিও খেলতে পারেনি।
দুটি টেস্টের চারটি ইনিংসের মধ্যে বাংলাদেশ মাত্র একবার ২০০ এর কোটা পার করে। ওয়ানডেতেও এমনই ব্যর্থতা।
বাংলাদেশে দল চল্লিশটি টেস্ট ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় এবং সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে।
