সোমবার থেকে শুরু হচ্ছে এশিয়ান অনুর্ধ্ব-১৪ টেনিস সিরিজ
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং অস্ট্রেলিয়ান ওপেন ডেভলপমেন্ট ফান্ডের পৃষ্ঠপোষকতায় সোমবার থেকে রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হবে এশিয়ান অনুর্ধ্ব-১৪ টেনিস সিরিজ।
সিরিজে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেবে।
সোমবার থেকে খেলা কোর্টে গড়ালেও রোববার বিকেলে ছয়দিনব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সানাউল হক শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাকিদের এ তথ্য জানান। টেনিস ফেডারেশনের সভাপতি তৌফিক এম সিরাজ এবং টুর্নামেন্ট পরিচালক এম খসরু এ সময় উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের বালক একক, বালক দ্বৈত, বালিকা একক, বালিকা দ্বৈত ইভেন্টে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলংকা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মোট ৪৪ জন খেলোয়াড় অংশগ্রহন করবেন। টুর্নামেন্টের খেলোগুলো ‘ক্যাম্পাস ড্র মেথড’ অনুযায়ী অনুষ্ঠিত হবে। এই পদ্ধতিতে বিজীয়ীরা পরস্পরের বিরুদ্ধে এবং পরাজিতরাও পরস্পরের বিরুদ্ধে খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশের ২৪ জন বালক ও আটজন বালিকা অংশগ্রহন করবেন।
সিরিজের চ্যাম্পিয়নরা পরবর্তীতে অস্ট্রেলিয়ায় ফলোআপ প্রশিক্ষণে অংশগ্রহনের সার্টিফিকেট লাভ করবেন।
এশিয়ান টেনিস ফেডারেশনের বালক দ্বিতীয় শীর্ষ বাছাই ইন্দোনেশিয়ার টিটো পারুলিয়ান হিউতার্ক এবং বালিকা দ্বিতীয় শীর্ষ বাছাই গ্রেস সারি সিদোরা টুর্নামেন্টে অংশ নেবেন।
