২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক ক্রিকেট ইসলামীকরনের বিরুদ্ধে বোর্ডের হুঁশিয়ারি

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ইসলামীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে বেশ আগে থেকেই। সাবেক ওপেনার সাইদ আনোয়ারকে দিয়ে শুরু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তারপর একে একে বর্তমান অধিনায়ক ইনজামাম উল হক, স্পিনার মোস্তাক আহমেদ, শহীদ আফ্রিদি, সাকলায়েন মোস্তাক, শোয়েব মালিক এক্ষেত্রে ভূমিকা রাখেন।

এই ইসলামীকরনের ধারায় সর্বশেষ সংযোজন পাকিস্তান জাতীয় দলের একমাত্র খ্রিস্টান সদস্য ইউসুফ ইয়োহানা। তিনি পরিবার পরিজনসহ ইসলাম ধর্ম গ্রহন করেন।

ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যে কেউ তা গ্রহন করতে পারে, তাতে কোন সমস্যা নেই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মাথাব্যথা অন্য জায়গায়। তাবলিগি জামাতের সদস্যরা যেভাবে পাক জাতীয় দলের অনুশীলনের মধ্যে ঢুকে পড়েছে, তাতে বেশ চিন্তিত হয়ে পড়েছে পিসিবি। ইসলামীকরনের ধাক্কায় আবার না খেলোয়াড়রা ক্রিকেটই ভুলে যায়, এই আশংকা চেপে বসেছে পিসিবির মাথায়। এই ইসলামীকরনের বিরুদ্ধে শেষমেষ হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিসিবি।

হূঁশিয়ারির ভাষাটা ছিল এরকম-খেলোয়াড়দের ক্রিকেটেই মনোযোগ দিতে হবে অথবা ক্রিকেট ছেড়ে ধর্ম প্রচারে মন দিতে হবে।

বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইয়োহানার ইসলাম গ্রহন কোন চিন্তার ব্যাপার নয়, চিন্তা যত তাবলিগি জামাতকে নিয়ে। তারা যেভাবে লাহোরে ক্রিকেটারদের অনুশীলনের সাথে জড়িত হয়ে পড়ছে, তাতে জাতীয় দলের অনুশীলন হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করে পিসিবি।

কর্মকর্তা বলেন, তাবলিগি জামাত অনুশীলনের মাঠ থেকে শুরু করে খেলোয়াড়দের ড্রেসিং রুমে গিয়েও ধর্মের কথা শোনানো হচ্ছে। তিনি বলেন, কন্যার মৃত্যুর পর সাইদ আনোয়ার ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন এবং একইসাথে ইনজামাম উল হক, শহীদ আফ্রিদি, মোস্তক আহমেদ, সাকলায়েন মোস্তাক এবং শোয়েব মালিককেও তাবলিগি জামাতের সাথে যুক্ত করার চেষ্টা চালান। বর্তমানে এরা সকলেই তাবলিগি জামাতের সক্রিয় সদস্য।

বোর্ডের ওই কর্মকর্তার মতে যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই বোর্ড এ নিয়ে কোন রকম ঝামেলায় জড়াতে চাইছে না। তবে এ ব্যাপারে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানান পিসিবি কর্মকর্তা।