জাতীয় হকিতে জয় পেয়েছে পটুয়াখালী, ময়মনসিংহ ও খুলনা
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার এবিএস গ্রুপ জাতীয় হকি চ্যাম্পিয়নশীপে পটুয়াখালী, ময়মনসিংহ ও খুলনা নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
প্রথম ম্যাচে পটুয়াখালী ২-১ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে। প্রথমার্ধে খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। বিজয়ী দলের হাসান দু’টি গোল করেন। নারায়ণগঞ্জের সজিব একটি গোল পরিশোধ করেন।
দ্বিতীয় খেলায় ময়মনসিংহ ৪-১ গোলে হারায় বাংলাদেশ পুলিশকে। বিজয়ী দল প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে ছিল। ময়মনসিংহের রাহাত ও ঝুনু প্রত্যেকে দু’টি করে গোল করেন। পুলিশের পক্ষে একমাত্র গোলটি আসে কামাল উদ্দিনের স্টিক থেকে।
দিনের শেষ ম্যাচে খুলনা ৪-০ গোলে হারিয়েছে ঝিনাইদহকে। খুলনা প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সঞ্জু ও জাহাঙ্গীর দু’টি করে গোল করেন।
