২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্নান্ডোর গতিতে ধরাশায়ী বাংলাদেশ, ফলোঅনেও ব্যাটিং দৈন্য

সারা ক্রিকেট দুনিয়া যখন সামনের দিকে এগুচ্ছে, তখন বাংলাদেশের ক্রিকেট যেন ভুতের মত পেছনের দিকে হাঁটছে। তা না হলে পি সারার ব্যাটিং উইকেটে যেখানে শ্রীলংকা বাংলাদেশী বোলারদের তুলোধুনো করে একদিনেই চারশ’রও বেশি রান তুলে ফেলে, সেখানে বাংলাদেশকে কেন একদিনে দুই বার ব্যাট করতে হবে?

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

ম্যাচের দ্বিতীয় দিন সকালেই স্বাগতিকদের প্রথম ইনিংসের চাকা ৪৫৭ তে থামিয়ে দেন শাহাদত রাজীব আর সৈয়দ রাসেল। আগের দিনের ৪৪৯ রানের সাথে আট রান করতেই বাকি দু’টি উইকেট হারায় শ্রীলংকা। বাংলাদেশের সফল দুই বোলার রাজীব আর রাসেল আগের দিনের তিন উইকেটের সাথে একটি করে উইকেট যোগ করেন।

নিজেদের প্রথম ইনিংসে শ্রীলংকার ৪৫৭ রানের পাহাড় তাড়া করতে নেমে ভুতের মতই হাঁটলো বাংলাদেশ। প্রথম টেস্টে দলের চরম ব্যাটিং ব্যর্থতার পর সবাই ভেবেছিল, পি সারার মরা পিচে অন্তত এবার ব্যাটসম্যানরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। পথটা কিন্তু শ্রীলংকা ঠিকই দেখিয়েছিল। প্রথম দিনেই সাত উইকেট খুইয়ে ৪৪৯ রান তুলে এই পিচে বোলারদের কার্যকারিতা কতটুকু, তা প্রমান করে দিয়েছিলেন। অথচ টাইগারদের প্রথম ইনিংস মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায়।

দুই ওপেনার জাভেদ ওমর আর শাহরিয়ার নাফিসের শুরুটাও ছিল আত্মবিশ্বাসী। কিন্তু সেটা দলের ১৬ রান পর্যন্তই। এরপর যা হয়েছে, তেমনটা দেখতে সবাই অভ্যস্ত হলেও বারবার তা মেনে নেয়া যায় না। প্রথম টেস্টে যে মালিঙ্গার বলে বোল্ড হন শাহরিয়ার, এবারও তার বলেই উইকেটের পেছনে উইকেট বিসর্জন দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ এ দলের অধিনায়ক।

অধিনায়ক বাশার উইকেটে আসলেন ধৈর্যের পরীক্ষা দিতে। কিছুটা উতরেও গেলেন। দলের রান টানলেন ৪৬ পর্যন্ত। কিন্তু আবারও ধৈর্যচ্যুতি। এবার দিলহারা ফার্নান্ডোর বলে ভাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক বাশার। দলের কান্ডারি হিসেবে আবারও ব্যর্থ হলেন বাশার।

শেষ পর্যন্ত এই ফার্নান্ডোই ভুগিয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যানদের। ৬০ রানে পাঁচটা উইকেট নিয়ে বাংলাদেশকে ফলোঅনে যেতে বাধ্য করেন ফার্নান্ডো। সাথে অবশ্য তিন উইকেট তুলে নিয়ে যোগ্য সহায়তা দিয়ে গেছেন মুরলিধরন।

প্রথম টেস্টে ব্যর্থ তুষার ইমরানকে সরিয়ে দলে জায়গা করে দেয়া হয়েছিল নাফিস ইকবালকে। যদিও তার ব্যাটে অনেকদিন ধরে রানের দেখা নেই। রানে ফিরবেন এমন কোন পূর্বাভাসও ছিল না। ফলে যা হবার তা ই হলো-মাত্র পাঁচ করে দলকে অরেকটা ধাক্কা দিলেন নাফিস। দলের রানের চেহারা দাঁড়ায় চার উইকেটে ৭২। ফলোঅনের আশংকা আরও জোরালো হয়।

এরপরের ঘটনা শুধুই আশরাফুলময়। তবে অন্যদের মত আত্মরক্ষা নয়, আশরাফুল ব্যাট হাতে বোলারদের শাসন করতেই নামেন। ৫০ মিনিট ক্রিজে থেকে রান করেন ৪২। আর এই রান করতে বল খরচ করেন ৪১। এতে আবার বাউন্ডারি পাঁচটি এবং ছক্কা দু’টি। ৭২ থেকে দলের রানকে ১১৫ পর্যন্ত টেনে নিয়ে যান আশরাফুল আর আফতাব। ১১৫ তে এসে অবশ্য আউট হয়ে যান আশরাফুল। কিছুক্ষণ পর আফতাবও তাকে অনুসরন করেন। যাওয়ার আগে ২৩ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন আফতাব। প্রতিরোধ এসেছে খালেদ মাসুদের ব্যাট থেকেও। শেষ উইকেট হিসেবে আউট হয়েছেন তিনিই, আর রান করেছেন ২৬। শ্রীলংকার বোলারদের মধ্যে ফার্নান্ডো ছাড়া মুরলিধরন নেন তিন উইকেট।

বাংলাদেশ ফলোঅনে নামে পরিবর্তিত ব্যাটিং লাইন আপ নিয়ে। নিয়মিত ওপেনার শাহরিয়ার নাফিসের পরিবর্তে জাভেদের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন নাফিস ইকবাল। এবার তার ব্যাটে কিছুটা রানের দেখা পাওয়া গেল। কিন্তু আরেক ওপেনার জাভেদ আবার ব্যর্থ।

দলের ২২ রানে ব্যক্তিগত নয় রানে প্রথম ইনিংসে উইকেটশুন্য ভাসের প্রথম শিকারে পরিনত হন জাভেদ। স্কোর বোর্ডে আরও ২২ রান যোগ হতেই দশ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক বাশার। এখানেও ফার্নান্ডো। ৩০ রান করা নাফিসের উইকেটটিও তুলে নেন ফার্নান্ডো। দুই ইনংস মিলিয়ে ফার্নান্ডোর উইকেট সংখ্যা দাঁড়ালো সাত। আর মুরলিধরনের শিকার চার উইকেট।

প্রথম ইনিংসের মত এই ইনিংসেও দলের ধস আপাতত ঠেকিয়ে রেখেছেন আশরাফুল আর মিডল অর্ডারে নামা ওপেনার শাহরিয়ার নাফিস। এই ইনিংসে আশরাফুল প্রথম ইনিংসের তুলনায় কিছুটা ধীর স্থির থাকলেও শাহরিয়ার রান তোলেন দ্রুতলয়ে।

শাহরিয়ার এবার অর্ধশতকেরও দেখা পান। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের চিরাচরিত স্বভাবের খোলস ছেড়ে বের হতে পারেননি তিনি। হাফ সেঞ্চুরি পূরন হওয়ার পরই ধৈর্য হারিয়ে ফেলেন শাহরিয়ার। ৭৯ বলে ৫১ রান করে মুরলির চতুর্থ শিকারে পরনত হন তিনি। শাহরিয়ারের ৫১ রানের ইনিংসে চারের মার ছিল আটটি।

দিনশেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে চার উইকেট খুইয়ে সংগ্রহ করেছে ১৩১ রান। আশরাফুল ২১ এবং শাহাদত রাজীব ০ রানে অপরাজিত রয়েছেন।