২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের জোনাল ফাইনালে রাঙ্গামাটি মোহামেডান, সেমিতে আরও চারটি দল

রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের জোনাল ফাইনালে উঠেছে। মঙ্গলবার রাঙ্গামাটি স্টেডিয়ামে তারা ৩-২ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে জোনাল ফাইনাল খেলা নিশ্চিত করে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বিজয়ী দলের শামিম দু’টি, ইদ্রিস একটি গোল করেন। অন্যদিকে নৌবাহিনীর পক্ষে দু’টি গোল পরিশোধ করেন তৌহিদ ও কামরুজ্জামান।

এছাড়া এদিন বরগুনা আবাহনী ক্রীড়া চক্র, গাজীপুর বিপ্লব সংঘ, নরসিংদীর কারারচর ক্রীড়া চক্র এবং ঠাকুরগাঁওয়ের সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠি নিজ নিজ খেলায় জয়ী হয়ে জোনাল সেমিফাইনালে উঠে গেছে। বৃহস্পতিবার দেশের বিভিন্ন ভেন্যুতে জোনাল সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

ফরিদপুর স্টেডিয়ামে কুষ্টিয়া ক্রিসেন্ট ক্লাব ও ঝিনাইদহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যেকার ম্যাচটি দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে অনুষ্ঠিত হয়নি। ম্যাচটি বুধবার সকালে অনুষ্ঠিত হবে।

খুলনা স্টেডিয়ামে আবাহনী ক্রীড়া চক্র ১-০ গোলে নড়াইল বলাকা স্পোর্টিং ক্লাবকে, জামালপুর স্টেডিয়ামে বিপ্লব সংঘ ২-১ গোলে বগুড়া সানশাইন ক্লাবকে, ফেনী স্টেডিয়ামে নরসিংদী কারারচর ক্রীড়া চক্র ৩-১ গোলে চুনারুঘাটের দেশ ক্রীড়া চক্রকে এবং নাটোর স্টেডিয়ামে ঠাকুরগাঁও সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠি ১-০ গোলে দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যান সমিতিকে হারিয়েছে।