২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে যেতে পারে কর্পোরেট ক্রিকেট লিগ

তৃতীয় কর্পোরেট ক্রিকেট লিগ চারদিন পিছিয়ে দেয়া হতে পারে। অংশগ্রহনকারী দলগুলোর আবেদনের প্রেক্ষিতেই লিগ পিছিয়ে দেয়া হতে পারে বলে মঙ্গলবার লিগের এক কর্মকর্তা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত কমিটি কর্তৃক প্রবর্তিত নতুন ক্যালেন্ডার অনুযায়ী ১ অক্টোবর থেকে কর্পোরেট লিগ শুরু হওয়ার কথা ছিল।

কর্পোরেট ক্রিকেট লিগের সদস্য সচিব আলী হোসেন মঙ্গলবার বিডিনিউজকে জানান, সোমবারের সভায় লিগে অংশগ্রহনকারী দলগুলো নিজেদের প্রস্তুতির জন্য কর্পোরেট লিগ সাতদিন পিছিয়ে দেয়ার অনুরোধ করেছে। তবে সাতদিন নয়, লিগ চারদিন পিছিয়ে ৫ অক্টোবর শুরু হতে পারে, বোর্ড সভাপতি আলী আজগর লবীর সাথে আলোচনা করেই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে জানান আলী হোসেন।

আলী হোসেন জানান, ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ও ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড় দল বদল কার্যক্রম চলবে।

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠিত ২০ জনের পুল থেকে প্রতিটি দল তিনজন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। বুধবার পুলভুক্ত খেলোয়াড়দের নাম ঘোষণা করবে ক্রিকেট বোর্ড।

ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি ভেন্যুতে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে-ফতুল্লা স্টেডিয়াম, ধানমন্ডি ক্লাব মাঠ, বিকেএসপি, চট্টগ্রাম, বগুড়া ও খুলনা স্টেডিয়াম। ইতিমধ্যে ১১টি দল লিগে অংশ নেওয়ার ব্যাপারে

নিশ্চিত করেছে এবং টুর্নামেন্ট কমিটি চুড়ান্ত লাইন আপের জন্য আরেকটি দলের জন্য অপেক্ষা করছে। ১১টি দল হচ্ছে-আরাফ অ্যাপারেলস, গাজী ট্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, এমএম ইস্পাহানী লিমিটেড, বিমান বাংলাদেশ, বেক্সিমকো, ইপিলিয়ন গ্রুপ, সিকিউরিটি এয়ার এক্সপ্রেস, মেট্রো রিয়েল এস্টেট গ্রুপ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এবং যমুনা ব্যাংক।

এবারের লিগে নতুন চারটি দল অংশ নিলেও গতবারের চ্যাম্পিয়ন গ্রামীনফোন, সিটিসেল, একটেল, পারটেক্স গ্রুপ ও রবিন টেক্সটাইল এবার লিগে অংশ নিচ্ছেনা। নতুন চারটি দল হচ্ছে-সিকিউরিটি এয়ার এক্সপ্রেস, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, মেট্রো রিয়েল এস্টেট গ্রুপ এবং যমুনা ব্যাংক। চ্যাম্পিয়ন গ্রামীনফোন লিগের তৃতীয় আসরে অংশ না নিলেও যথারীতি লিগের স্পনসর তারাই থাকছে। ১২টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবেএবং দুই গ্রুপের শীর্ষ দু’টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।