বিকেএসপিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প
সাতদিনের বিশ্রাম কাটিয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা এবার একমাসের আবাসিক অনুশীলনে যোগ দিচ্ছেন।
এশিয়া কাপের প্রাক বাছাই পর্বকে সামনে রেখে বিকেএসপিতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের আবাসিক ক্যাম্প।
এশিয়া কাপের প্রাক বাছাই পর্বে হোম ম্যাচে বাংলাদেশ ১১ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। দু’দেশের মধ্যেকার অ্যাওয়ে ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর।
এশিয়া কাপ বাছাই পর্বে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে মায়ানমারে একটি চারজাতি ফুটবল টুর্নামেন্টে নিজেদের ঝালাই করে নেবে জাতীয় দল। ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে শক্তিশালী চীন, থাইল্যান্ড, বাংলাদেশ এবং স্বাগতিক মায়ানমার অংশগ্রহন করবে।
এর আগে জাতীয় দলে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে শুধুমাত্র রজনী কান্ত বর্মন ছাড়া বাকি সবাই ১৫ সেপ্টেম্বর কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির কাছে রিপোর্ট করেন। প্রিমিয়ার লিগের ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য ফুটবলারদের সে সময় সাতদিনের ছুটি দেয়া হয়।
