পেপসি ডিআরইউ ক্রিকেটে দৈনিক জনকন্ঠ চ্যাম্পিয়ন
পেপসি ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক জনকন্ঠ। রোববার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে জনকন্ঠ আট রানে দৈনিক আমার দেশকে হারিয়ে শিরোপা জিতে নেয়।
প্রথমে ব্যাট করে জনকন্ঠ দুই উইকেটে ১০০ রান করে। আসিফ ইকবাল ৩১ রানে অপরাজিত থাকেন। জবাবে দৈনিক আমার দেশ নির্ধারিত ছয় ওভারে দুই উইকেট খুইয়ে ৯২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে অপরাজিত থাকেন এম এম কায়সার। জনকন্ঠের অপু ২৩ রানের বিনিময়ে দুই উইকেট লাভ করেন। বিজয়ী দলের আসিফ ইকবাল ম্যান অব দ্য ম্যাচ এবং আমার দেশের সাইদুর রহমান শামিম ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান আর সেরা বোলারের পুরস্কার ছিনিয়ে নেন যথাক্রমে আমার দেশের এম এম কায়সার ও সাইদুর রহমান শামিম।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেপসি ফুডস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সুধীর প্রধান।
এর আগে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জনকন্ঠ (৫৬/১) নয় রানে ডেইলী স্টারকে (৪৭/৩) হারিয়ে ফাইনালে উঠে যায়। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জনকন্ঠের তপন বিশ্বাস।
দ্বিতীয় সেমিতে আমার দেশ (৫৭/০) পাঁচ উইকেটে এনটিভিকে (৫৩/২) হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের সাইদুর রহমান শামিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
