ঢাকায় কমনওয়েল্থ গেমস’র কুইন্স ব্যাটন
অষ্টাদশ কমনওয়েলথ গেমসের ‘কুইন্স ব্যাটন’ গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ ভবনের দক্ষিন প্লাজা রোববার বর্ণিল হয়ে উঠেছিল। রং আর আনন্দে অন্য এক রূপ নিয়েছিল সংসদ ভবন এলাকা।
হোটেল শেরাটন থেকে একটি বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে ব্যাটন র্যালিটি সংসদ ভবনের দক্ষিন প্লাজায় এসে পৌঁছায়। কুইন্স ব্যাটনের এ র্যালিটি নিয়ে আসেন কুইন্স ব্যাটন রিলে’র আন্তর্জাতিক বিভাগের আহ্বায়ক জেসিকা গ্রান্ট এবং মিডিয়া ও মার্কেটিং বিভাগের আহ্বায়ক আন্দ্রিয়া হাচিনস।
কমনওয়েলথ গেমস ফেডারেশনের সচিব লুইস মার্টিন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের সভাপতি জেনারেল মঈন ইউ আহমেদের কাছে ব্যাটনটি হস্তান্তর করেন।
পরে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের কাছে ব্যাটনটি হস্তান্তর করেন।
এরপর কমনওয়েলথ গেমসে বাংলাদেশের স্বর্ন বিজয়ী শুটার আসিফ ব্যাটনটি গ্রহণ করেন এবং ৫২তম দেশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে টর্চ প্রজ্জ্বলন করেন।
এসময় অনুুভূতি জানাতে গিয়ে শুটার আসিফ বলেন, এটি একটি অন্যরকম অনুভূতি এবং আমার জন্যে বিশাল সম্মানের যে আমি দেশের পক্ষে ব্যাটনটি গ্রহণ করেছি।
ব্যাটনটি গ্রহণের পর এটি নিয়ে যাওয়া হয় জিয়ার মাজারে। এরপর সেটি বিজয় সরণী, পুরোনো এয়ারপোর্ট রোড, খামার বাড়ি এবং মানিক মিয়া এভিনিউতে। এসময় বাংলাদেশের ঐতিহ্য হিসেবে র্যালিতে রিকশা এবং টমটমও ছিলো।
র্যালিটি শেষ হওয়ার পর কমনওয়েলথে স্বর্ণ বিজয়ী আতিকুর রহমান এবং সাবরিনা সুলতানা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের কাছে তা হস্তান্তর করেন। তিনি আবার কমনওয়েলথ গেমস ফেডারেশনের সচিব লুইস মার্টিনকে এটি হস্তান্তর করেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশানর লরেন বার্কার এবং শিক্ষামন্ত্রী ওসমান ফারুক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন ইউ আহমেদে বলেন, এটি আমার জন্যে একটি আনন্দদায়ক অনুভূতি, সংসদ ভবনের সামনে আমি বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটনটি গ্রহণ করলাম। সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার হাইকমিশানর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী প্রধান, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান, বাংলাদেশ রাইফেলস, বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ পুলিশকে সার্বিক আয়োজনের সঙ্গে যুক্ত থাকায় ধন্যবাদ জানান।
শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, এটি আমাদের জন্যে আনন্দের, বাংলাদেশে এ প্রথম ব্যাটনটি এসে পৌঁছালো। তিনি বলেন, কমনওয়েলথ রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও সৌহার্দ্যরে প্রতীক এই ব্যাটন।
সন্ধ্যায় এ উপলক্ষে অলিম্পিক অ্যাসোসিয়েশন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
ঢাকা থেকে ব্যাটনটি ২০ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে যাত্রা করবে।
‘কুইন্স ব্যাটন’ লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে এ বছরের ১৪ মার্চ ঐতিহাসিক এ যাত্রা শুরু করে এবং ৫১টি দেশ ভ্রমণের পর বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। কুইন্স ব্যাটন এভাবে একে একে কমনওয়েলথভুক্ত ৭১টি দেশ ভ্রমণ করবে। এসময় এটি পাড়ি দেবে প্রায় ১ লক্ষ ৮০ হাজার কিলোমিটার পথ। ১৫ মার্চ ২০০৬ দীর্ঘ পথ পাড়ি দিয়ে ব্যাটনটি মেলবোর্ন ক্রিকেট মাঠে পৌঁছালে উৎসবের উদ্বোধন করা হবে।
কমনওয়েলথ গেমসের ইতহাসে এবারই প্রথম সবগুলো সদস্য দেশ অংশগ্রহণ করছে।
অষ্টাদশ কমনওয়েলথ গেমস ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্র্নে অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার বেলা পৌনে ১২টায় ঢাকা এসে পৌঁছায়। এ আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন চারদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করে।
কুইন্স ব্যাটনের এ ভ্রমণের মধ্য দিয়ে কমনওয়েলথভুক্ত সদস্য দেশগুলোর পারস্পরিক ঐক্য ও আদর্শের চিহ্ন ফুটে ওঠে। এর মধ্য দিয়ে গেমস আয়োজনে অক্ষম দেশগুলো গেমসের আমেজ ভাগাভাগি করে নিতে পারে। ব্রিটেনের রানীর বার্তা পৌঁছে যায় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।
ব্যাটনটিতে কমওয়েলথের ৭১টি সদস্য রাষ্ট্রের প্রতীক হিসেবে ৭১টি বাতি রয়েছে এবং এটি যখন যে দেশে পৌঁছে, তখন সেদেশের জন্যে নির্দিষ্ট বাতিটি জ্বালানো হয়। ‘মেটাল অব ফিউচার’ ম্যাগনেশিয়াম দিয়ে ব্যাটনটি প্রস্তুত করা হয়েছে। ব্যাটনের পেছনের সবুজ রং ভিক্টোরিয়া ও মেলবোর্নের ‘গার্ডেন স্টেট’ এর প্রতীকী উপস্থাপন।
কুইন্স ব্যাটনে দু’টি করে ক্যামেরা ও মাইক্রোফোন সন্নিবেশিত হয়েছে। এত অত্যাধুনিক যোগাযোগ যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, যাতে যে কেউ ইচ্ছে করলে ইন্টারনেটের মাধ্যমে এর অবস্থান জানতে পারবে।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের চারদিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে শিশু কিশোর ও বুদ্ধি প্রতিবন্ধীদের এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পুরো অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে ২ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে আয়োজকরা দেবেন ২ লাখ ৪৮ হাজার ৩৬২ টাকা এবং বাকি অর্থ পৃষ্ঠপোষকদের মাধ্যমে সংগৃহীত হবে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবে অস্ট্রেলিয়ার হাই কমিশন, একটেল, ট্রান্সকম বেভারেজ এবং পারটেক্স গ্রুপ। গেমসের সচিব লুইস মার্টিন জানান, ‘কুইন্স ব্যাটন’ র্যালিতে খরচ হচ্ছে ১৫ মিলিয়ন ডলার।
