২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবলের জোনাল সেমিতে পাঁচ দল

নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগের জোনাল সেমিফাইনালে উঠেছে পাঁচটি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

দেশের বিভিন্ন ভেন্যুতে শনিবার নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে জোনাল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, টাঙ্গাইলের মুসলিম রেনেসাঁ ক্লাব ও সাতক্ষীরার পিকে ইউনিয়ন ক্লাব।

কুষ্টিয়ার ক্রিসেন্ট ক্লাব টাইব্রেকারে শরিয়তপুরের সুপার ইলেভেন ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে জোনাল কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে। ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল।

ফেনী স্টেডিয়ামে চাঁদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব একমাত্র গোলে কুমিল্লার হিডেন হিরো ক্লাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। বুধবার সেমিফাইনালে চাঁদপুর মোহামেডান ফেনীর সকার ক্লাবের বিরুদ্ধে খেলবে।

নাটোর আধুনিক স্টেডিয়ামে শক্তিশালী বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে রাজশাহীর দিগন্ত প্রসারী ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উঠে যায়। বিজয়ী দলের পক্ষে দিদারুল, সিলন ও মিজানুর একটি করে গোল করেন। দিগন্ত প্রসারীর পক্ষে একটি গোল পরিশোধ করেন কামাল।

রাঙ্গামাটি স্টেডিয়ামে বাংলাদেশ নৌবাহিনী মনিরুজ্জামানের একমাত্র গোলের সুবাদে হারায় বাংলাদেশ রাইফেলসকে। একই ভেন্যুতে মঙ্গলবার সেমিফাইনালে নৌবাহিনী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবে।

জামালপুর স্টেডিয়ামে মুসলিম রেনেসাঁ ক্লাবও এক গোলে হারিয়েছে কিশোরগঞ্জের শহীদ মোহিন স্মৃতি সংসদকে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন মাসুদ খান। রেনেসাঁ ক্লাব বুধবার সেমিফাইনালে জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।

খুলনা স্টেডিয়ামে পিকে ইউনিয়ন ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে চুয়াডাঙ্গা মোহামেডানকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে পিকে ইউনিয়ন ক্লাব খেলবে খুলনার টাউন ক্লাবের বিরুদ্ধে।