ঢাকায় কুইন্স ব্যাটন
অষ্টাদশ কমনওয়েলথ গেমসের ‘কুইন্স ব্যাটন’ শনিবার দুপুর পৌনে বারোটায় ঢাকায় এসে পৌঁছেছে। এই আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন চারদিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। অষ্টাদশ কমনওয়েলথ গেমস অস্ট্রেলিয়ার মেলবোর্ণে অনুষ্ঠিত হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে শনিবার জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে চারদিন ব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনার লরেন বার্কার, কমনওয়েলথ গেমস ফেডারেশনের সচিব লুইস মার্টিন, কুইন্স ব্যাটন রিলে’র আন্তর্জাতিক বিভাগের আহ্বায়ক জেসিকা গ্রান্ট, মিডিয়া ও মার্কেটিং বিভাগের আহ্বায়ক আন্দ্রিয়া হাচিনস, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ এবং উপ সাধারণ সম্পাদক ও বাংলাদেশে কুইন্স ব্যাটন রিলে উৎসব কমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ কারেন উপস্থিত ছিলেন।
‘কুইন্স ব্যাটন’ লন্ডনের বার্কিংহাম প্যালেস থেকে এ বছরের ১৪ মার্চ ঐতিহাসিক এই যাত্রা শুরু করে এবং ৫১টি দেশ ভ্রমণের পর বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। কুইন্স ব্যাটন এভাবে একে একে কমনওয়েলথভুক্ত ৭১টি দেশ ভ্রমণ করবে। কমনওয়েলথ গেমসের ইতহাসে এবারই প্রথম সবগুলো সদস্য দেশ অংশ গ্রহন করছে।
ভারতের নয়াদিল্লি ভ্রমণের পর বাংলাদেশ সফর করছে কুইন্স ব্যাটন এবং ২০ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে কুইন্স ব্যাটন। ২০০৬ সালের ১৫ মার্চ গেমসের উদ্বোধনী দিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পৌঁছুবে কুইন্স ব্যাটন।
কুইন্স ব্যাটনের এই ভ্রমনের মধ্য দিয়ে কমনওয়েলথভুক্ত সদস্য দেশগুলোর পারষ্পরিক ঐক্য ও আদর্শের চিহ্ন ফুটে ওঠে। এর মধ্য দিয়ে গেমস আয়োজনে অক্ষম দেশগুলো গেমসের আমেজ ভাগাভাগি করে নিতে পারে। ব্রিটেনের রানীর বার্তা পৌঁছে যায় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।
ব্যাটনটিতে কমওয়েলথের ৭১টি সদস্য রাষ্ট্রের প্রতীক হিসেবে ৭১টি বাতি রয়েছে এবং এটি যখন যে দেশে পৌঁছে, তখন সেদেশের জন্য নির্দিষ্ট বাতিটি জ্বালানো হয়। ‘মেটাল অব ফিউচার’ ম্যাগনেশিয়াম দিয়ে ব্যাটনটি প্রস্তুত করা হয়েছে। ব্যাটনের পিছনের সবুজ রং ভিক্টোরিয়া ও মেলবোর্নের ‘গার্ডেন স্টেট’ এর প্রতীকি উপস্থাপন।
কুইন্স ব্যাটনে দু’টি করে ক্যামেরা ও মাইক্রোফোন সন্নিবেশিত হয়েছে। এত অত্যাধুনিক যোগাযোগ যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, যাতে যে কেউ ইচ্ছে করলে ইন্টারনেটের মাধ্যমে এর অবস্থান জানতে পারবে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রোববার সকাল সাড়ে নয়টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ কুইন্স ব্যাটনকে বরণ করে নেবে। শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক প্রধান অতিথি হিসেবে ব্যাটন গ্রহন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার এইচ ই লরেন বার্কার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ।
কমনওয়েল গেমসে বাংলাদেশের স্বর্নপদক জয়ী শ্যুটার আসিফ ব্যাটনের বাতি প্রজ্জ্বলন করবেন। সন্ধ্যায় থাকছে অলিম্পিক অ্যাসোসিয়েশন সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের চারদিন ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে শিশু কিশোর ও বুদ্ধি প্রতিবন্ধীদের এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পুরো অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে দুই লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে আয়োজকরা দেবেন দুই লাখ ৪৮ হাজার ৩৬২ টাকা এবং বাকি অর্থ পৃষ্ঠপোষকদের মাধ্যমে সংগৃহীত হবে। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবে অস্ট্রেলিয়ার হাই কমিশন, একটেল, ট্রান্সকম বেভারেজ এবং পারটেক্স গ্রুপ। গেমসের সচিব লুইস মার্টিন জানান, ‘কুইন্স ব্যাটন’ র্যালিতে ব্যয় হচ্ছে ১৫ মিলিয়ন ডলার।
