২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফুটবলে গতবারের চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়ের পরাজয়

প্রাণ কোলা স্কুল ফুটবলে অবশেষে পরাজয়ের স্বাদ নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয় ৩-২ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়কে।

এর আগে দ্বিতীয় পর্বের খেলার উদ্বোধন করেন ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, টুর্নামেন্ট সম্পাদক ও ফুটবল ফেডারেশনের যুগ্ম সম্পাদকব আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু ও প্রাণ কোলার ডিএমডি আহসান খান চৌধুরী। দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে দশটি দল।

ম্যাচের ১১ মিনিটে রকিবের গোলে প্রথম এগিয়ে যায় রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়ের ইমন। ৩৪ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করে রায়েরবাজারকে দ্বিতীয় বারের মত লিড এনে দেন স্বন্দীপ কিন্তু মাঝবিরতির ঠিক আগে আবারও সমতা ফেরান ইমন।

দ্বিতীয়ার্ধের তিন মিনিটের সময় রায়েরবাজারের পক্ষে জয়সূচক গোলটি করেন আশরাফুল।

দিনের অন্য ম্যাচে গতবারের রানার্স আপ রেসিডেন্সিয়াল মডেল স্কুল ২-১ গোলে হারিয়েছে এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়কে। বিজয়ী দলের পক্ষে অনিন্দ ও অমিয় একটি করে গোল করেন এবং বিজিত দলের আল আমিন একটি গোল পরিশোধ করেন।