পাকিস্তানি ক্রিকেটার ইউসুফ ইউহানা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন
পাকিস্তান ক্রিকেট দলের সহ অধিনায়ক ও দলের একমাত্র খ্রিস্টান সদস্য ইউসুফ ইউহানা ইসলাম ধর্ম গ্রহন করেছেন।
শনিবার গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
ধর্মান্তরিত হওয়ার কাজটি মুসলমানদের পবিত্র ভূমি মক্কাতে সম্পন্ন হয়।
একজন খেলোয়াড়কে উদ্ধৃত করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তবলীগ জামাতের সদস্যদের সাথে ইউহানা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। পরবর্তীতে তারা মক্কাতে পবিত্র ওমরাহ পালন করেন।
ওমরাহ পালনের আগে ইউহানা ও তার পরিবারের জন্য ইসলাম ধর্ম গ্রহনের সার্টিফিকেট প্রদান করা হয় এবং এই সার্টিফিকেটের কারনেই তারা ওমরাহ পালন করতে সক্ষম হন। তবে এ বিষয়ে ইউহানা বেশি কিছু বলতে রাজি হননি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে পাকিস্তান দলের বেশ কয়েকজন সদস্য ইউহানার জেদ্দা সফর এবং ধর্মান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইউহানার পরিবারের সদস্যরা তার ইসলাম গ্রহনের বিষয়ে সমর্থন দিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান দলের অন্তত দুইজন ক্রিকেটার ইউহানার ইসলাম ধর্ম গ্রহনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, পাকিস্তান দলের দু’জন সদস্য ইউহানাকে ইসলাম ধর্ম গ্রহনে উৎসাহ যোগায় প্রথমে ইউহানা রাজি না হলেও পরবর্তীতে স্ত্রী তানিয়া সমর্থন দিলে
ধর্মান্তরিত হওয়ার কাজটি সম্পন্ন হয়।
প্রকাশিত প্রতবেদনে বলা হয়, ইউহানা বেশ কয়েক বছর ধরেই ইসলাম গ্রহনের ব্যাপারে চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু সে সময় স্ত্রীর কাছ থেকে বাধা প্রদান করা হয়েছে। পরে ইউহানা নিজে এবং কয়েকজন দলীয় সতীর্থ মিলে তার স্ত্রী এবং সন্তানদের ইসলাম ধর্ম গ্রহনের ব্যাপারে বোঝাতে সক্ষম হন। এতে আরও বলা হয়, ইউহানা ইতিমধ্যে তার
সন্তানদের লাহোরের একটি আধুনিক স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য অন্য একটি স্কুলে ভর্তি করে দিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট দলের অপরিহার্য সদস্য ইউহানা ৫৯ টেস্টে ৪৭ দশমিক ৪৬ গড়ে চার হাজার ২৭২ রান করেন। ২০২টি ওয়ানডে ম্যাচ খেলে ৪১ দশমিক ১১ গড়ে রান করেন ছয় হাজার ৭৬১। টেস্টে ১৩ টি এবং ওয়ানডেতে ১১টি সেঞ্চুরিও করেছেন পাকিস্তানি সহ অধিনায়ক।
