২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে রোববার

ষোলদিন ব্যাপী স্ট্যামফোর্ড আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা রোববার থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এ এ হান্নান ফিরোজ।

ক্রীড়া সংগঠন ‘অরিত্র’ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা টুর্নামেন্টের ঘোষনা দেন। ফুটবল ফেডারেশন ও টুর্নামেন্টের প্রধান আহ্বায়ক আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ফেডারেশনের সদস্য এ কে এম নুরুজ্জামান, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের সদস্য মোরশেদ হোসেন, অরিত্র’র প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিকুজ্জামান চৌধুরী রনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। চারটি গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে-স্ট্যামফোর্ড, এশিয়ান, নর্দান, ইবাইস, গণ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল, ডেফোডিল ইন্টারন্যাশনাল, ইন্ডিপেন্ডেন্ট, ইস্ট ওয়েস্ট, দারুল ইহসান, প্রাইম এশিয়া এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, আমরা এর আগে স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি, এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে দ্বিতীয়বারের মত টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি। ভবিষ্যতে কলেজ পর্যায়েও এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে জানান চুন্নু।

টুর্নামেন্টে বেশ কয়েকজন প্রিমিয়ার ফুটবলের খেলোয়াড় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলবেন। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে তিন লাখ টাকা। এর মধ্যে পৃষ্ঠপোষক দেবে এক লাখ ৫০ হাজার টাকা। বাকি অর্থ বিভিন্ন উৎস থেকে সংগৃহিত হবে।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং এশিয়ান ইউনিভার্সিটি রানার্স আপ।