বুলাওয়ে টেস্টে ভারতের বিরুদ্ধে ইনিংস ও ৯০ রানে হেরেছে জিম্বাবুয়ে
স্বাগতিক জিম্বাবুয়ে আরেকটি ইনিংস পরাজয়ের স্বাদ নিয়েছে। বুলাওয়েতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস ও ৯০ হেরেছে জিম্বাবুয়ে।
টেস্টের চতুর্থ দিন শুক্রবার ভারতের প্রথম ইনিংসে করা ৫৫৪ রানের পাহাড় টপকাতে গিয়ে স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায়। ইনিংসে একমাত্র অধিনায়ক টাটেন্ডা টাইবুর ব্যাটেই যা একটু প্রতিরোধ দেখা যায়। এছাড়া ভারতীয় বোলার, বিশেষ করে পেসার ইরফান পাঠান এবং স্পিনার হরভজন সিংয়ের বোলিংয়ের সামনে জিম্বাবুয়ের কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেন নি। অবশ্য টেলএন্ডে কভেন্ট্রি ২৪, ব্লিগনট ২৬, গ্যাভিন ইউইং ৩৪ রান করলে পরাজয়ের ব্যাবধানটাই কেবল কমেছে। খবর বার্তা সংস্থার।
এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৭৯ রানের জবাবে দুইদিন ধরে ব্যাট করে সফরকারী ভারত ৫৫৪ রানের পাহাড়সম স্কোর গড়ে তোলে। জিম্বাবুইয়ান বোলারদের সব আক্রমন ভোঁতা করে দিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা এককথায় তাদের নিয়ে ছেলেখেলা করে। ভারতীয়দের ইনিংসে সবাই কমবেশি রানের দেখা পেয়েছেন। অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১০১, লক্ষ্মণ ১৪০, দুই ওপেনার গৌতম গম্ভীর ৪৬ ও শেওয়াগ ৪৪, সহ অধিনায়ক রাহুল দ্রাবিড় ৭৭, ইরফান পাঠান ৫২ এবং শেষ দিকে হরভজন ৩৭ রান করে ভারতকে বড় ইনিংস গড়তে সহায়তা করেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মাউইরি চার উইকেট নিয়ে ছিলেন সফল বোলার। এছাড়া দেবাংগাওয়া নেন তিন উইকেট। কিন্তু দলের দীর্ঘদিনের লড়াকু যোদ্ধা সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক ২৬ ওভার বল করে থেকে যান উইকেটশুন্য।
ভারতকে দ্বিতীয়বার ব্যাট করতে নামানোর জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২৭৫ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই ইরফান পাঠানের বলে এলবিডব্লিউ হয়ে টেইলর ফিরে গেলে ম্বাগতিকদের লড়াই করার ইচ্ছে প্রথম বাধাগ্রস্ত হয়। পাঠানের আক্রমনটা ইনিংসের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। মাত্র ১৮ রানে জিম্বাবুয়ের পাঁচ উইকেট পড়ে গেলে তাদের অসহায় আত্মসমর্পনটা ছিল সময়ের ব্যাপার।
শেষ দিকে কভেন্ট্রি, ব্লিগনট, দেবাংগাওয়া আর ইউইং কিছুটা প্রতিরোদ গড়ে তোলার চেষ্টা করলেও হরভজনের বিষাক্ত স্পিনের কারণে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের মাথা ছেঁটেছিলেন পাঠান আর বাকি চার উইকেট নিয়ে স্বাগতিকদের লেজটা ছেঁটে দেন হরভজন। শেষ পর্যন্ত ১৮৫ রানে থেমে যায় জিম্বাবুয়ের রানের চাকা। ম্যাচের একদিন বাকি থাকতেই ইনিংস ও ৯০ রানে হার মানে দুর্বল জিম্বাবুয়ে।
দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট আর ৫২ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারটাও গেছে ইরফান পাঠানের ঝুলিতে।
